চাঁপাইনবাবগঞ্জে ক্যাশলেস ভূমিসেবায় কমছে ভোগান্তি
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা ভূমি অফিসে নামজারি ও ভূমি উন্নয়ন করসহ বিভিন্ন ভূমিসেবা অটোমেশনের আওতায় আসায় সেবাগ্রহীতাদের ভোগান্তি কমেছে। একই সঙ্গে ক্যাশলেস লেনদেন চালু থাকায় অনিয়ম, দুর্নীতি ও দালালচক্রের দৌরাত্ম্য কমানোর উদ্যোগ নেওয়া হয়েছে।
সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ একরামুল হক নাহিদ জানান, ক্যাশলেস পদ্ধতি কার্যকর করতে ভূমি অফিস থেকে কোনো নগদ অর্থ গ্রহণ করা হচ্ছে না।
তিনি জানান, ভূমি অফিসের কার্যক্রম নিয়মিত মনিটরিং করা হচ্ছে এবং নামজারি ও ভূমি উন্নয়ন কর পরিশোধের কার্যক্রম অটোমেশনের মাধ্যমে সম্পন্ন হচ্ছে। এ ব্যবস্থায় সরাসরি নগদ লেনদেনের কোনো সুযোগ রাখা হয়নি। সেবার মান উন্নত করতে এবং সেবাগ্রহীতারা যাতে হয়রানির শিকার না হন, সেদিকে নজর দেওয়ার পাশাপাশি অফিসের পরিষ্কার-পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখা হচ্ছে।
ভূমি অফিসে সেবা নিতে আসা শফিকুল ইসলাম প্রয়োজনীয় প্রক্রিয়া অনুসরণ করে সহজে নামজারি সম্পন্ন করতে পেরে সন্তোষ প্রকাশ করেন।
আরেক সেবাগ্রহীতা মনিরুল ইসলাম বলেন, ডিজিটাল পদ্ধতিতে নামজারি কার্যক্রম চলায় প্রয়োজনীয় কাগজপত্র সঠিকভাবে পাওয়া যাচ্ছে এবং অফিসের কার্যক্রমে স্বচ্ছতা এসেছে। এতে সেবাগ্রহীতাদের সময় ও ভোগান্তি দুটোই কমেছে বলে জানান তিনি।
সংশ্লিষ্টরা জানান, অটোমেশন ও ক্যাশলেস লেনদেন ভূমিসেবাকে সহজ, স্বচ্ছ ও জনবান্ধব করতে ভূমিকা রাখছে। এই ব্যবস্থার মাধ্যমে সরাসরি ও হয়রানিমুক্ত সেবা নিশ্চিতের পাশাপাশি ভূমি অফিসের কার্যক্রমে জবাবদিহিতা বাড়ছে।
আরো পড়ুন----পদ্মার তীব্র ভাঙন, স্থায়ী বাঁধ নির্মাণের দাবি