চাঁপাইনবাবগঞ্জে ৩১তম জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত, বিজয়ীদের পুরস্কার বিতরণ

মোঃ আশরাফুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ
৩১ অক্টোবর ২০২৬, ০৮:২০ অপরাহ্ন

রাজশাহী

চাঁপাইনবাবগঞ্জে ৩১তম জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত, বিজয়ীদের পুরস্কার বিতরণ

পবিত্র কুরআনের শিক্ষা ও হিফজ কার্যক্রমকে ছড়িয়ে দেওয়ার প্রত্যয়ে চাঁপাইনবাবগঞ্জে অনুষ্ঠিত হয়েছে ৩১তম জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান-২০২৬। উৎসবমুখর পরিবেশে আয়োজিত এ অনুষ্ঠানে জেলার বিভিন্ন উপজেলার মাদ্রাসার শিক্ষক, শিক্ষার্থী, হাফেজ ও ধর্মীয় ব্যক্তিত্বরা অংশ নেন।

শনিবার (৩১ অক্টোবর) চাঁপাইনবাবগঞ্জ জেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের মিলনায়তনে হিফজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ, চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখা এ অনুষ্ঠানের আয়োজন করে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনটির জেলা শাখার প্রধান উপদেষ্টা হাফেজ মাওলানা মো. শহিদুল ইসলাম খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামিক ফাউন্ডেশন চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয়ের উপপরিচালক মো. গোলাম মোস্তফা।

অনুষ্ঠানে সম্মানিত আলোচক হিসেবে বক্তব্য দেন হিফজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ, চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সভাপতি হাফেজ কারী মাওলানা মো. মাহবুবুর রহমান। অনুষ্ঠান সঞ্চালনায় গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন মো. জাহাঙ্গীর আলম।

এ আয়োজনে চাঁপাইনবাবগঞ্জ সদর, শিবগঞ্জ, গোমস্তাপুর, নাচোল ও ভোলাহাট—জেলার পাঁচটি উপজেলা থেকে বিভিন্ন মাদ্রাসার ওলামায়ে কেরাম, আলেম-উলামা, মাওলানা, হাফেজ, শিক্ষক, শিক্ষার্থী ও প্রশিক্ষণার্থীরা যোগ দেন। তাঁদের উপস্থিতিতে মিলনায়তনজুড়ে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবের আবহ তৈরি হয়।

বক্তারা তাঁদের বক্তব্যে বলেন, পবিত্র কুরআন হিফজ করা অত্যন্ত সম্মান ও মর্যাদার বিষয়। কুরআনের শিক্ষা মানুষের ব্যক্তিগত জীবন থেকে শুরু করে পরিবার ও সমাজে নৈতিকতা, মানবিকতা এবং সুন্দর আদর্শ প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। নতুন প্রজন্মকে কুরআন শিক্ষায় আগ্রহী করে তুলতে এ ধরনের প্রতিযোগিতার আয়োজন বিশেষ তাৎপর্য বহন করে।

তাঁরা আরও বলেন, হাফেজ ও কুরআনের শিক্ষার্থীদের মেধা, যোগ্যতা ও প্রতিভা বিকাশের পাশাপাশি তাঁদের উৎসাহিত করতে নিয়মিত এমন আয়োজন অব্যাহত রাখা প্রয়োজন।

অনুষ্ঠানে প্রতিযোগিতায় অংশ নেওয়া শিক্ষার্থীদের উৎসাহিত করা হয়। পাশাপাশি প্রতিযোগিতায় কৃতিত্ব অর্জনকারীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

আয়োজকরা জানান, পবিত্র কুরআনের শিক্ষা ও হিফজ কার্যক্রমের প্রসার ঘটানো এবং নতুন প্রজন্মের মধ্যে কুরআন শেখা ও চর্চার আগ্রহ বাড়ানোই এ আয়োজনের প্রধান লক্ষ্য।

অনুষ্ঠানে স্থানীয় বিভিন্ন মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী, প্রশিক্ষণার্থী, ধর্মীয় ব্যক্তিত্ব ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।