নান্দাইলে ৩৬ গৃহহীন পরিবারের হাতে ‘স্বপ্নবাড়ি’র চাবি
ছবি-বাসসনিজস্ব প্রতিবেদক, ঢাকা:
ময়মনসিংহের নান্দাইলে অসহায় ও গৃহহীন ৩৬টি পরিবারের দীর্ঘদিনের অনিশ্চয়তার অবসান ঘটেছে। তাদের জন্য নির্মাণ করা আধুনিক আধাপাকা ‘স্বপ্নবাড়ি’র চাবি আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়েছে। একই দিনে নান্দাইল পৌরসভায় একটি উন্নয়নকৃত সড়কেরও উদ্বোধন করা হয়।
শুক্রবার (২৮ আগস্ট) নান্দাইল উপজেলায় দিনব্যাপী সফরে এসব কার্যক্রমে অংশ নেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী এবং ময়মনসিংহ-৯ (নান্দাইল) আসনের সংসদ সদস্য ইয়াসের খান চৌধুরী।
মোয়াজ্জেমপুর ইউনিয়নের বাহাদুরপুর এলাকায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, নান্দাইলের কোনো মানুষ যেন অনাহারে বা আশ্রয়হীন অবস্থায় না থাকে—এটি ছিল তাঁর অন্যতম নির্বাচনি অঙ্গীকার। ৩৬টি পরিবারের জন্য নতুন ঘর নির্মাণের মধ্য দিয়ে সেই উদ্যোগের বাস্তবায়ন শুরু হয়েছে।
ইয়াসের খান চৌধুরী বলেন, পর্যায়ক্রমে নান্দাইলের গৃহহীন ও অসহায় মানুষদেরও এ ধরনের সহায়তার আওতায় আনা হবে। ঘরগুলোর নির্মাণকাজ তিনি নিজে উপস্থিত থেকে তদারকি করেছেন বলেও জানান।
নতুন ঘরের চাবি হাতে পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন উপকারভোগীরা। তাঁদের একজন হামিদা খাতুন বলেন, সন্তানদের নিয়ে দীর্ঘদিন জরাজীর্ণ ঘরে বসবাস করেছেন। নতুন ঘর পাওয়ায় তাঁর পরিবার নিরাপদে থাকার সুযোগ পেয়েছে।
মোয়াজ্জেমপুর ইউনিয়নের বাহাদুর গ্রামের বাসিন্দা সবুজ মিয়াও নতুন ঘর পাওয়ার অনুভূতি প্রকাশ করেন। তিনি বলেন, দীর্ঘদিনের কষ্ট ও অনিশ্চয়তার পর পাকা ঘরটি তাঁর সন্তানদের জন্য নিরাপদ ভবিষ্যতের নতুন সম্ভাবনা তৈরি করেছে।
অনুষ্ঠানে নান্দাইল উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম-আহ্বায়ক মিজানুর রহমান লিটন বলেন, গৃহহীন মানুষের জন্য ‘স্বপ্নবাড়ি’ নির্মাণের উদ্যোগটি জনকল্যাণমূলক কাজ হিসেবে প্রশংসার দাবি রাখে। এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তিনি আশা প্রকাশ করেন।
পরে বিকেলে নান্দাইল পৌরসভার ২ নম্বর ওয়ার্ডে ভূঁইয়াপাড়া রাস্তা থেকে ভূঁইয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় হয়ে মামুনের বাড়ি পর্যন্ত ইউনিব্লক দিয়ে উন্নয়ন করা সড়কের উদ্বোধন করেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী।
এরপর নান্দাইল উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা সার ডিলারদের সঙ্গে আয়োজিত মতবিনিময় সভায় অংশ নেন তিনি।