ফ্যামিলি কার্ড বিতরণে স্বচ্ছতা নিশ্চিতের নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর

অনলাইন ডেস্ক
২৮ অগাস্ট ২০২৬, ০৫:২৩ অপরাহ্ন

ঢাকা

ফ্যামিলি কার্ড বিতরণে স্বচ্ছতা নিশ্চিতের নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মোঃ সাখাওয়াত হোসেন

নরসিংদীর প্রতিনিধি:

ফ্যামিলি কার্ড বিতরণের ক্ষেত্রে কোনো ধরনের রাজনৈতিক প্রভাব, দলীয় পরিচয় কিংবা ব্যক্তিগত সুপারিশকে প্রাধান্য না দেওয়ার নির্দেশ দিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মোঃ সাখাওয়াত হোসেন। তিনি বলেছেন, যাঁরা প্রকৃত অর্থে সরকারি সহায়তা পাওয়ার যোগ্য, যাচাই-বাছাইয়ের মাধ্যমে তাঁদের কাছেই ফ্যামিলি কার্ড পৌঁছাতে হবে।

শুক্রবার (২৮ আগস্ট) নরসিংদীর মনোহরদী উপজেলার চালাকচর ইউনিয়নের হাফিজপুরে আয়োজিত এক বর্ধিত সভায় এসব নির্দেশনা দেন তিনি।

মন্ত্রী বলেন, সুবিধাভোগী নির্বাচনের ক্ষেত্রে কোনো অনিয়ম, পক্ষপাত বা স্বজনপ্রীতির সুযোগ রাখা যাবে না। ফ্যামিলি কার্ডের প্রকৃত উপকারভোগী নির্ধারণ থেকে শুরু করে কার্ড বিতরণের পুরো প্রক্রিয়ায় স্বচ্ছতা ও নিরপেক্ষতা বজায় রাখতে সংশ্লিষ্টদের সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

সভায় কৃষকদের কাছে সার সরবরাহের বিষয়টিও গুরুত্ব দিয়ে আলোচনা করা হয়। কিছু ডিলারের বিরুদ্ধে সার মজুত করে রাখার অভিযোগের বিষয়ে স্থানীয় নেতাকর্মীদের সজাগ থাকার পরামর্শ দেন স্বাস্থ্যমন্ত্রী।

তিনি জানান, কৃষকদের সারপ্রাপ্তি সহজ করতে প্রতিটি ইউনিয়নে নতুন করে সার ডিলার নিয়োগের উদ্যোগ নেওয়া হয়েছে। নতুন ডিলারদের মাধ্যমে সাব-ডিলার নিয়োগের ব্যবস্থাও রাখা হবে। ডিলার নির্বাচনের ক্ষেত্রে যোগ্যতা যাচাইয়ের পাশাপাশি স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিশ্চিত করার ওপরও গুরুত্বারোপ করেন তিনি।

বর্ধিত সভায় মনোহরদী ও বেলাব উপজেলা বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদক, সদস্য সচিবসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।