চোটের ধাক্কা সামলেও সেঞ্চুরিয়নে ঘুরে দাঁড়াতে মরিয়া বাংলাদেশ
ছবি ----সংগৃহীত
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে ৯ উইকেটের বড় ব্যবধানে হারের পর চোটের থাবায় বিপর্যস্ত বাংলাদেশ শিবির। পেসার হাসান মাহমুদের পর কুঁচকির ইনজুরিতে দ্বিতীয় টেস্ট থেকে ছিটকে গেছেন অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিমও। তবে জোহানেসবার্গের হতাশা ভুলে সোমবার (২৩ নভেম্বর) সেঞ্চুরিয়নে শুরু হতে যাওয়া সিরিজের শেষ টেস্টে ইতিবাচক মানসিকতা নিয়ে ঘুরে দাঁড়াতে প্রত্যয়ী ফিল সিমন্সের শিষ্যরা।
চোটের এই ধাক্কা কেবল বাংলাদেশ দলেই নয়, হানা দিয়েছে স্বাগতিক দক্ষিণ আফ্রিকা শিবিরেও। ডান পায়ের কাফ মাসলের ইনজুরির কারণে দ্বিতীয় টেস্ট থেকে ছিটকে গেছেন প্রোটিয়া অধিনায়ক টেম্বা বাভুমা। তার অনুপস্থিতিতে দক্ষিণ আফ্রিকাকে নেতৃত্ব দেবেন এইডেন মার্করাম এবং একাদশে বাভুমার জায়গায় সুযোগ পেতে পারেন টনি ডি জর্জি।
প্রথম টেস্টের প্রথম ইনিংসে ৪ উইকেট নিয়ে প্রোটিয়া ব্যাটারদের কাঁপিয়ে দিয়েছিলেন পেসার হাসান মাহমুদ। কিন্তু বোলিংয়ের সময় টেনিস এলবোর পুরনো চোট গুরুতর আকার ধারণ করায় সিরিজের বাকি অংশ থেকে ছিটকে গেছেন তিনি। এমনকি আসন্ন ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজেও তার খেলা অনিশ্চিত।
অন্যদিকে, জোহানেসবার্গ টেস্টের দুই ইনিংসেই নিষ্প্রভ থাকা মুশফিকুর রহিম ভুগছেন কুঁচকির চোটে। দলের ফিজিও বায়েজিদুল ইসলাম খান জানান, ম্যাচ শেষে এমআরআই রিপোর্টে মুশফিকের পেলভিসের হাড়ের আশপাশে প্রদাহ ধরা পড়েছে। ফলে হাসান ও মুশফিক দুজনকেই দেশে ফিরে আসতে হচ্ছে।
প্রথম টেস্টে তিন দিন দারুণ লড়াই করেও দ্বিতীয় ইনিংসের ব্যাটিং ধসে ম্যাচ হাতছাড়া করেছিল বাংলাদেশ। সেই ভুল শুধরে সেঞ্চুরিয়নে নিজেদের সামর্থ্যের প্রমাণ দিতে চায় সফরকারীরা। অনুশীলন শেষে দক্ষিণ আফ্রিকা থেকে পাঠানো এক ভিডিও বার্তায় পেসার খালেদ আহমেদ দলের ইতিবাচক মানসিকতার কথা তুলে ধরেন।
খালেদ বলেন, ‘আলহামদুলিল্লাহ, সবাই পরিস্থিতি কাটিয়ে ওঠার চেষ্টা করছে এবং অনুশীলনও ভালো হচ্ছে। যেটা চলে গেছে, তা নিয়ে ভেবে লাভ নেই। আমরা কীভাবে সামনে এগোব, এখন সেটিই মূল ভাবনা।’
কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে দলের দক্ষিণ আফ্রিকান কোচিং স্টাফদের অভিজ্ঞতা কাজে লাগাচ্ছেন ক্রিকেটাররা। কোচ ও অধিনায়কের নিয়মিত পরামর্শে প্রথম ম্যাচের ইতিবাচক দিকগুলো পুঁজি করে সেঞ্চুরিয়নে সিরিজে সমতা ফেরাতে আত্মবিশ্বাসী বাংলাদেশ।