ব্রাজিলের সাবেক কোচ তিতে এবার বোটাফোগোর ডাগআউটে

শাহনুর রুমেন | ব্রাজিল
১৯ নভেম্বর ২০২৬, ০৬:৪১ অপরাহ্ন

খেলাধুলা

ব্রাজিলের সাবেক কোচ তিতে এবার বোটাফোগোর ডাগআউটে

ব্রাজিল জাতীয় দলের হয়ে বিশ্বকাপের মঞ্চে দায়িত্ব পালন, কোপা আমেরিকার শিরোপা জয়—সবই রয়েছে কোচ তিতের ক্যারিয়ারে। সেই অভিজ্ঞ কোচ এবার নতুন মিশনে ব্রাজিলের ঐতিহ্যবাহী ক্লাব বোটাফোগোর দায়িত্ব নিয়েছেন। তবে ক্লাব ফুটবলে নতুন অধ্যায়ের শুরুটা সুখকর হয়নি তাঁর। সাবেক ক্লাব করিন্থিয়ান্সের বিপক্ষে বড় ব্যবধানে হারের মধ্য দিয়ে কঠিন বাস্তবতার মুখোমুখি হয়েছেন তিনি।

আদেনর লিওনার্দো বাক্কি, ফুটবল অঙ্গনে যিনি তিতে নামেই পরিচিত, ব্রাজিল জাতীয় দলের হয়ে দুই বিশ্বকাপে কোচের দায়িত্ব পালন করেছেন। ২০১৮ সালে রাশিয়া এবং ২০২২ সালে কাতার বিশ্বকাপে তাঁর অধীনেই খেলেছে ব্রাজিল। ২০১৯ সালে দলকে কোপা আমেরিকার শিরোপাও এনে দেন এই কোচ।

ক্লাব পর্যায়েও তিতের সাফল্যের নজির কম নয়। ২০১২ সালে তাঁর প্রশিক্ষণে করিন্থিয়ান্স জেতে কোপা লিবার্তাদোরেস ও ফিফা ক্লাব বিশ্বকাপ। ব্রাজিলের অন্যতম জনপ্রিয় ক্লাবটির সেই সাফল্য তিতেকে আন্তর্জাতিক কোচিং অঙ্গনে আরও পরিচিত করে তোলে।

জাতীয় দলের দায়িত্ব থেকে সরে আসার পর ফ্লামেঙ্গো ও ক্রুজেইরোর মতো ক্লাবেও কাজ করেছেন তিনি। এবার বোটাফোগোর দায়িত্ব নিয়ে নতুন করে নিজের সামর্থ্য প্রমাণের সুযোগ পেয়েছেন। কিন্তু শুরুতেই বড় ধাক্কা খেলেন অভিজ্ঞ এই কোচ।

বুধবার রাতে সাও পাওলোর নো কিমিকা অ্যারেনায় করিন্থিয়ান্সের বিপক্ষে মাঠে নামে তিতের বোটাফোগো। ম্যাচে ৪-০ গোলের ব্যবধানে হেরে যায় দলটি। করিন্থিয়ান্সের কাইও সিজার হ্যাটট্রিক করে বোটাফোগোর রক্ষণকে বিপর্যস্ত করে দেন। নিজের সাবেক ক্লাবের বিপক্ষে প্রতিপক্ষের ডাগআউটে দাঁড়িয়ে এমন বড় পরাজয় দেখতে হয়েছে তিতেকে।

ব্রাজিলিয়ান সিরি ‘আ’-তে ৩৫ ম্যাচ খেলে ৪২ পয়েন্ট সংগ্রহ করেছে বোটাফোগো। পয়েন্ট তালিকায় দলটির অবস্থান ১২তম। মৌসুমের শেষ তিন ম্যাচে ভালো ফল অর্জন করে অবস্থান ধরে রাখা এখন ক্লাবটির প্রধান লক্ষ্য।

বিশ্বকাপ ও আন্তর্জাতিক ফুটবলে সাফল্যের অভিজ্ঞতা থাকা তিতের সামনে এবার ক্লাব পর্যায়ে ভিন্ন চ্যালেঞ্জ। বোটাফোগোকে শেষ মুহূর্তে ঘুরে দাঁড় করিয়ে কতটা এগিয়ে নিতে পারেন তিনি, তা নির্ধারণ করবে তাঁর নতুন অধ্যায়ের সাফল্য।