জানুয়ারির শুরুতেই বাজারে রমজানের খেজুর পৌঁছাতে চান বাণিজ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
১৯ নভেম্বর ২০২৬, ০৬:২৯ অপরাহ্ন

জাতীয়

জানুয়ারির শুরুতেই বাজারে রমজানের খেজুর পৌঁছাতে চান বাণিজ্যমন্ত্রী ছবি---সংগৃহীত

 শুরুর আগেই বাজারে খেজুরের সরবরাহ স্বাভাবিক রাখতে জানুয়ারির প্রথম সপ্তাহ থেকে খুচরা বাজারে খেজুর পৌঁছানোর পরিকল্পনা করছে সরকার। এ লক্ষ্যে আলজেরিয়া থেকে সরাসরি খেজুর আমদানি এবং তুলনামূলক কম দামে পণ্য সরবরাহের বিষয়ে দেশটির সরকারি ও বেসরকারি খাতের সঙ্গে আলোচনা চলছে।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বাণিজ্য মন্ত্রণালয়ে আলজেরিয়ার রাষ্ট্রদূত ড. আবদেলওয়াহাব সাইদানির সঙ্গে বৈঠকে এ বিষয়ে আলোচনা করেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

বৈঠকে বাণিজ্যমন্ত্রী বলেন, রমজান উপলক্ষে ভোক্তাদের কেনাকাটা সাধারণত জানুয়ারির মাঝামাঝি থেকেই শুরু হয়। ফলে রমজানের বাড়তি চাহিদা তৈরি হওয়ার আগেই জানুয়ারির শুরুতে খুচরা বাজারে পর্যাপ্ত খেজুর সরবরাহ করা প্রয়োজন। সময়মতো আমদানি ও বাজারজাত করা গেলে ভোক্তাদের জন্য সাশ্রয়ী মূল্যে খেজুর কেনার সুযোগ তৈরি হবে।

আলজেরিয়ার রাষ্ট্রদূত জানান, বর্তমানে দেশটিতে খেজুর সংগ্রহ ও সরবরাহের মৌসুম চলছে এবং উল্লেখযোগ্য পরিমাণ পণ্য মজুত রয়েছে। আলজেরিয়ার কৃষি মন্ত্রণালয় বাংলাদেশের জন্য প্রতিযোগিতামূলক দামে খেজুর সরবরাহের প্রস্তাব দিয়েছে। পাশাপাশি দেশটির একটি বেসরকারি রপ্তানিকারক প্রতিষ্ঠান পরিবহন ব্যয়সহ প্রতি কেজি ২ থেকে ৫ মার্কিন ডলারে খেজুর দেওয়ার আগ্রহ প্রকাশ করেছে।

রাষ্ট্রদূতের তথ্যমতে, আগামী সপ্তাহের মধ্যে আমদানির প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করা গেলে ২০ থেকে ৩০ দিনের মধ্যে খেজুরের চালান বাংলাদেশের বন্দরে পৌঁছানো সম্ভব।

বৈঠকে খেজুর আমদানির পাশাপাশি বাংলাদেশ ও আলজেরিয়ার সামগ্রিক বাণিজ্যিক সম্পর্ক নিয়েও আলোচনা হয়। বাংলাদেশের জ্বালানিমন্ত্রীর সাম্প্রতিক আলজেরিয়া সফরের কথা উল্লেখ করে বাণিজ্যমন্ত্রী বলেন, জ্বালানি খাতে দেশটির সঙ্গে দীর্ঘমেয়াদি সহযোগিতা গড়ে তুলতে আগ্রহী বাংলাদেশ। দুই দেশের বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণে বিদ্যমান বাণিজ্য চুক্তি নবায়ন এবং যৌথ অর্থনৈতিক কমিশন অথবা যৌথ বাণিজ্য কমিটি গঠনের বিষয়েও উভয় পক্ষ সম্মত হয়েছে।

বাংলাদেশের ব্যবসায়ী সংগঠন এফবিসিসিআই এবং আলজেরিয়ার চেম্বার অব কমার্সের মধ্যে সরাসরি যোগাযোগ বাড়ানো, নিয়মিত বৈঠক আয়োজন ও ব্যবসায়িক সম্পর্ক উন্নয়নের ওপর গুরুত্ব দেওয়া হয়।

এ ছাড়া আলজেরিয়ায় হালাল পণ্য রপ্তানির ক্ষেত্রে নতুন বিধিবিধান সম্পর্কে রাষ্ট্রদূত বৈঠকে অবহিত করেন। আগামী ৩ থেকে ৭ ডিসেম্বর দেশটিতে অনুষ্ঠিতব্য আন্তর্জাতিক হস্তশিল্প মেলায় বাংলাদেশের কারুশিল্পী ও উদ্যোক্তাদের অংশগ্রহণের আমন্ত্রণ জানানো হয়। আগ্রহী অংশগ্রহণকারীদের তালিকা দ্রুত প্রস্তুত করে পাঠাতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেন বাণিজ্যমন্ত্রী।বৈঠকে বাণিজ্য মন্ত্রণালয় ও আলজেরীয় দূতাবাসের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।