সংবাদ শিরোনাম

হার মানলেন গুলিবিদ্ধ মামুন মীর

 প্রকাশ: ২২ সেপ্টেম্বর ২০২৬, ০১:২৩ অপরাহ্ন   |   খুলনা

হার মানলেন গুলিবিদ্ধ মামুন মীর

খুলনা ব্যুরো :

খুলনার রূপসায় গুলিবিদ্ধ হওয়ার ৩২ দিন পর চিকিৎসাধীন অবস্থায় মো. মামুন মীর (৩৫) মারা গেছেন। গত সোমবার (২১ সেপ্টেম্বর) দিবাগত রাত একটার দিকে ঢাকার একটি হাসপাতালে তাঁর মৃত্যু হয়। এর আগে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাঁকে ঢাকায় নেওয়া হয়েছিল।

মামুন মীর রূপসা উপজেলার বাগমারা এলাকার নেয়ামত মীরের বড় ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ১৮ আগস্ট রাত সাড়ে নয়টা থেকে পৌনে ১০টার মধ্যে নৈহাটী ইউনিয়নের আবু সালেহীন প্রতিবন্ধী স্কুলের সামনে মামুনকে গুলি করা হয়। স্থানীয়দের ভাষ্য, অজ্ঞাতনামা দুই ব্যক্তি তাঁকে জোর করে সেখানে নিয়ে আসেন। এরপর কাছ থেকে কয়েকটি গুলি করে তাঁরা পালিয়ে যান।

গুলিতে মামুনের চোখ ও মাথা গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়। গুলির শব্দ শুনে স্থানীয় লোকজন ঘটনাস্থলে গিয়ে তাঁকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। পরে তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে চিকিৎসকদের পরামর্শে ঢাকায় নেওয়া হয়।

মামুনের স্বজনদের অভিযোগ, ঘটনার ৩২ দিন পার হলেও হামলার কারণ ও হামলাকারীদের পরিচয় জানা যায়নি। মামুনের সঙ্গে হামলাকারীদের পূর্বপরিচয় ছিল কি না, পূর্বশত্রুতা বা অন্য কোনো বিরোধের জেরে হামলার ঘটনা ঘটেছে কি না, তা তদন্ত করে বের করার দাবি জানিয়েছেন তাঁরা।

মামুনের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে বাগমারা এলাকায় শোকের পাশাপাশি ক্ষোভ দেখা দেয়।
রূপসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার জাহিদ বলেন, গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় মামুনের পরিবারের সদস্যরা মামলা করতে চাচ্ছেন না। তবে পুলিশ বাদী হয়ে মামলা করার প্রস্তুতি নিচ্ছে। ময়নাতদন্তসহ আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।