খুলনায় ইসলামী ব্যাংকের পূর্ণাঙ্গ বোর্ড গঠনের দাবিতে গ্রাহকদের বিক্ষোভ মিছিল
খুলনা ব্যুরো :
ইসলামী ব্যাংকে দ্রুত পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠন এবং সৎ, দক্ষ ও পেশাদার ব্যক্তিদের বোর্ডে অন্তর্ভুক্তির দাবিতে খুলনায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন গ্রাহকেরা। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকালে নগরীর ডাকবাংলা মোড়ে ইসলামী ব্যাংকের খুলনা শাখার সামনে ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরাম খুলনার ব্যানারে এ কর্মসূচি পালন করা হয়।
সমাবেশে বক্তারা বলেন, পরিচালনা পর্ষদ গঠনের প্রক্রিয়া যখন চূড়ান্ত পর্যায়ে, তখন ব্যাংকের পরিবেশ অস্থিতিশীল করার চেষ্টা চলছে বলে তাঁরা মনে করেন। ব্যাংকের সুশাসন নিশ্চিত করা না গেলে আমানতকারীদের স্বার্থ ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে বলেও তাঁরা উল্লেখ করেন।
গ্রাহক অ্যাডভোকেট আজহারুল ইসলামের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন মো. শফিকুল ইসলাম, হারুন অর রশীদ, কাজী মাহফুজুর রহমান, মাওলানা জাহিদুল ইসলাম, ফিরোজ আহমেদ, ইঞ্জিনিয়ার মাহবুবুর রহমান, রবিউল আলম বাদল, মো. ইমামুল শেখ ও হায়দার আলী নিরু।
বক্তারা বলেন, ২০১৭ সালে এস আলম গ্রুপের নিয়ন্ত্রণে যাওয়ার পর ইসলামী ব্যাংক দীর্ঘদিন ধরে সংকটের মধ্যে ছিল। পরে ব্যাংকটির পুনর্গঠনের উদ্যোগ নেওয়া হয়। এখন ব্যাংকটির পরিচালনা পর্ষদ পুনর্গঠনের ক্ষেত্রে যোগ্যতা, সততা ও পেশাদারিত্বকে গুরুত্ব দেওয়া প্রয়োজন।
তাঁদের ভাষ্য, ব্যাংকের গ্রাহক ও আমানতকারীদের আস্থা ফিরিয়ে আনতে কার্যকর সুশাসন জরুরি। এ জন্য রাজনৈতিক বা অন্য কোনো প্রভাবের বাইরে গিয়ে যোগ্য ও গ্রহণযোগ্য ব্যক্তিদের সমন্বয়ে পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের দাবি জানান তাঁরা।
সমাবেশ থেকে সাত দফা দাবি বাস্তবায়নের আহ্বান জানানো হয়। দাবিগুলো দ্রুত বাস্তবায়ন না হলে গ্রাহক ও অংশীজনদের নিয়ে আরও কঠোর কর্মসূচি পালনের ঘোষণা দেন বক্তারা।
পরে গ্রাহকেরা একটি বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি নগরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।