খুলনা টিটিসিতে বিনা খরচে জাপানি ভাষা কোর্সের উদ্ধোধন
খুলনা ব্যুরো:
খুলনায় কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি)–তে বিনা খরচে জাপানি ভাষা শেখার সুযোগ চালু হয়েছে। গত সোমবার (২১ সেপ্টেম্বর) টিটিসিতে জাপানি ভাষা শিক্ষা কোর্সের সান্ধ্যকালীন শাখার উদ্বোধন করা হয়।
‘ব্যস্ত দিনের ক্লান্তি শেষে জাপানি ভাষা শিখুন হাসিমুখে’ স্লোগানে আয়োজিত অনুষ্ঠানে জানানো হয়, জাতীয় মানবসম্পদ উন্নয়ন তহবিলের (এনএইচআরডিএফ) অর্থায়নে এ কোর্স পরিচালিত হচ্ছে। সংশ্লিষ্টদের ভাষ্য, বাংলাদেশে এ ধরনের উদ্যোগের মধ্যে এটি প্রথম।
টিটিসি খুলনার অধ্যক্ষ মো. জিয়াউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মিজ্ হুরে জান্নাত। বিশেষ অতিথি ছিলেন দিঘলিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সুজন দাশ গুপ্ত। এ সময় টিটিসির শিক্ষক ও প্রশিক্ষণার্থীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে জেলা প্রশাসক প্রশিক্ষণার্থীদের হাতে জাপানি ভাষা শেখার বই তুলে দেন। তিনি মনোযোগ দিয়ে ভাষা শেখার পাশাপাশি এ দক্ষতাকে ভবিষ্যতে কর্মসংস্থানের সুযোগ তৈরিতে কাজে লাগানোর ওপর গুরুত্ব দেন।
সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, সান্ধ্যকালীন হওয়ায় কর্মজীবীসহ দিনের বেলায় ব্যস্ত থাকা ব্যক্তিরাও এ কোর্সে অংশ নেওয়ার সুযোগ পাবেন। জাপানি ভাষা শেখার মাধ্যমে প্রশিক্ষণার্থীদের দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে বলে আশা করা হচ্ছে।