খুলনায় ডেঙ্গু প্রতিরোধে ১০০ স্বল্প আয়ের পরিবারের মধ্যে মশারি বিতরণ
খুলনা ব্যুরো :
ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে খুলনায় স্বল্প আয়ের ১০০টি পরিবারের মধ্যে মশারি বিতরণ করা হয়েছে। বুধবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে নগরের দৌলতপুরের শহীদ জিয়া কলেজ অডিটরিয়ামে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
শিশু শিক্ষা, স্বাস্থ্যসেবা ও মানবিক কল্যাণে কাজ করা স্বেচ্ছাসেবী সংগঠন ‘হাসিমুখ ফাউন্ডেশন’ এ কর্মসূচির আয়োজন করে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মশারি বিতরণ করেন খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) প্রশাসক।
অনুষ্ঠানে কেসিসির প্রশাসক বলেন, নগরের পরিষ্কার-পরিচ্ছন্নতা নিশ্চিত করার পাশাপাশি মশক নিয়ন্ত্রণ ও ডেঙ্গু আক্রান্তদের প্রাথমিক চিকিৎসা দিতে কেসিসির উদ্যোগে নগরের আটটি রেড জোনে আটটি বিনা মূল্যের মেডিকেল ক্যাম্প স্থাপন করা হয়েছে। একই সঙ্গে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পৃথক ডেঙ্গু ইউনিট চালু করা হয়েছে।
তিনি বলেন, প্রয়োজন হলে মেডিকেল কলেজ হাসপাতালের উন্মুক্ত জায়গায় বড় পরিসরে মেডিকেল ক্যাম্প স্থাপন করা হবে। এ ছাড়া ভ্রাম্যমাণ চিকিৎসা দল গঠনের পরিকল্পনাও রয়েছে।
নগরের প্রতিটি বাড়ি কেসিসির পক্ষে পরিষ্কার করা সম্ভব নয় উল্লেখ করে প্রশাসক বলেন, বাড়ি, অফিস, শিক্ষাপ্রতিষ্ঠান ও ধর্মীয় প্রতিষ্ঠান নিজ নিজ উদ্যোগে পরিষ্কার রাখতে হবে। ডেঙ্গু প্রতিরোধে নগরবাসীকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হাসিমুখ ফাউন্ডেশনের সভাপতি সৈয়দ নওসুদুজ্জামান পল্টু। বিশেষ অতিথি ছিলেন শহীদ জিয়া মহাবিদ্যালয়ের অধ্যক্ষ মো. তারিকুল ইসলাম।
এ ছাড়া অনুষ্ঠানে কেসিসির সাবেক কাউন্সিলর কবির হোসেন কবু মোল্লা, সমাজসেবক প্রকৌশলী শাহীর হোসেন জাম্বু, সৈয়দ মাইনুল ইসলাম, সৈয়দ এনামুল হাসান ডায়মন্ড, শেখ মোহাম্মদ কবির হোসেন টিটো, দারুল হুদা জামে মসজিদের পেশ ইমাম মুফতি মাওলানা আবুল কাশেম, ২ নম্বর ওয়ার্ড নাগরিক ফোরামের সাধারণ সম্পাদক চমন আক্তার, ওয়ার্ডের ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তা শেখ মহিউদ্দিন হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও সামাজিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান পরিচালনা করেন হাসিমুখ ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সঞ্চিতা দে।