সংবাদ শিরোনাম

খুলনায় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী আজমুল হত্যা মামলায় তিন আসামি গ্রেপ্তার

 প্রকাশ: ২২ সেপ্টেম্বর ২০২৬, ০১:২১ অপরাহ্ন   |   খুলনা

খুলনায় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী আজমুল হত্যা মামলায় তিন আসামি গ্রেপ্তার

খুলনা ব্যুরো :

খুলনার নর্থওয়েস্টার্ন ইউনিভার্সিটির শিক্ষার্থী মো. আজমুল হোসেন হত্যা মামলায় তিন আসামিকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) ও মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) পৃথক অভিযান চালিয়ে খুলনা, পিরোজপুর ও বরিশাল থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন সিরাজগঞ্জ সদর থানার গুনেরগাতি এলাকার মনোয়ার হোসেনের ছেলে মো. হাসনাত হাবিব রিফাত (৩০), খুলনার হরিণটানা থানার খানজাহান নগর এলাকার লাল মিয়ার ছেলে তারেক হাসান ওরফে রুবেল (৩৫) এবং যশোরের অভয়নগর উপজেলার ধূলগ্রাম-সিদ্দিপাশা গ্রামের শিবপদ সরকারের ছেলে প্রতাপ সরকার।

এসআরবি সূত্রে জানা গেছে, আজমুল হত্যা মামলার অন্যতম আসামি হাসনাত হাবিব রিফাতকে মঙ্গলবার রাত আড়াইটার দিকে পিরোজপুরের নেছারাবাদ থানার কুড়িয়ানা আদাবাড়ি এলাকায় অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়। এসআরবি-৬ ও এসআরবি-৮-এর একটি যৌথ দল গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালায়।

অন্যদিকে, বিশ্ববিদ্যালয়ের খাজা হল গেটসংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে তারেক হাসান ওরফে রুবেলকে গ্রেপ্তার করে এসআরবির একটি দল। পরে তাঁকে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য হরিণটানা থানায় হস্তান্তর করা হয়।

এদিকে, মহানগর গোয়েন্দা পুলিশের উপপুলিশ কমিশনার মোহাম্মদ আহাদুজ্জামান মিয়া জানান, তথ্যপ্রযুক্তির সহায়তায় প্রতাপ সরকারের অবস্থান শনাক্ত করে ডিবির একটি দল। পরে মঙ্গলবার বিকেল পৌনে পাঁচটার দিকে বরিশালের উজিরপুর উপজেলায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।

ডিবির দলটি প্রতাপ সরকারকে নিয়ে খুলনার উদ্দেশে রওনা হয়েছে। তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার পাশাপাশি আজমুল হত্যা মামলার ঘটনার বিষয়ে আরও তথ্য জানার জন্য জিজ্ঞাসাবাদ করা হবে বলে পুলিশ জানিয়েছে।