২০৩০ সালের মধ্যে ৬৫ হাজার বিদ্যালয়ে বিশেষ শিশুদের শিক্ষার পরিবেশ গড়ার লক্ষ্য বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের মূলধারার শিক্ষায় আনতে দেশব্যাপী উদ্যোগ
ছবি---সংগৃহীত
চাহিদাসম্পন্ন শিশুদের সাধারণ শিক্ষাব্যবস্থায় অংশগ্রহণের সুযোগ বাড়াতে বড় ধরনের উদ্যোগ নিয়েছে সরকার। ২০৩০ সালের মধ্যে দেশের ৬৫ হাজারের বেশি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এসব শিশুর জন্য উপযোগী শিক্ষাব্যবস্থা ও প্রয়োজনীয় সক্ষমতা গড়ে তোলার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।
বুধবার (১৯ নভেম্বর) রাজধানীর বাংলাদেশ শিশু একাডেমিতে ‘আলোকিত শিশু ১৮-র জয়গান’ শীর্ষক আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি সরকারের এ পরিকল্পনার কথা তুলে ধরেন।
বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের বেড়ে ওঠা ও বিকাশে পরিবারের ভূমিকার কথা উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, এসব শিশুর পরিচর্যা ও লালন-পালনে অভিভাবকদের অসীম ধৈর্য, ত্যাগ এবং ভালোবাসা প্রয়োজন। তাঁদের প্রতিদিনের দায়িত্ব ও সংগ্রাম অত্যন্ত সম্মানজনক এবং অন্যদের জন্য অনুপ্রেরণার উৎস। অভিভাবকদের এই অবদানের প্রতি তিনি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।
তিনি বলেন, বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের শিক্ষা ও বিকাশের দায়িত্ব কেবল তাদের পরিবার কিংবা বিশেষায়িত প্রতিষ্ঠানগুলোর ওপর ছেড়ে দিলে হবে না। এ ক্ষেত্রে সামাজিক সচেতনতা বাড়ানোর পাশাপাশি সম্মিলিত সহযোগিতা নিশ্চিত করতে হবে। শিশুদের পাশে দাঁড়াতে সমাজের সর্বস্তরের মানুষের এগিয়ে আসা প্রয়োজন।
প্রতিমন্ত্রী জানান, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের শিক্ষা, স্বাস্থ্যসেবা ও সামাজিক নিরাপত্তার বিষয়গুলোকে গুরুত্ব দিচ্ছে। এ লক্ষ্য বাস্তবায়নে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে অন্তর্ভুক্তিমূলক শিক্ষার পরিবেশ তৈরির উদ্যোগ নিয়েছে। দেশের প্রত্যন্ত এলাকার বিদ্যালয়গুলোও এ পরিকল্পনার আওতায় থাকবে।
ববি হাজ্জাজ আরও বলেন, বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের যথাযথভাবে শিক্ষিত ও বিকশিত করতে উপযোগী পরিবেশ, প্রয়োজনীয় শিক্ষা-সহায়ক অবকাঠামো এবং দক্ষ শিক্ষক থাকা জরুরি। ‘আলোকিত শিশু’র মতো প্রতিষ্ঠানগুলো এ ক্ষেত্রে ইতিবাচক ভূমিকা রাখছে। এসব প্রতিষ্ঠানের অভিজ্ঞতা ও সফল কার্যক্রম অন্যান্য এলাকায় ছড়িয়ে দিতে পারলে উদ্যোগটি আরও কার্যকর হবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আলোকিত শিশুর চেয়ারপার্সন মো. জহির উদ্দিন আকন্দ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ রিহ্যাবিলিটেশন কাউন্সিলের রেজিস্ট্রার মোহাম্মদ হারুন অর রশিদ। অনুষ্ঠানে বিশেষ চাহিদাসম্পন্ন শিশু ও তাদের অভিভাবকদের উল্লেখযোগ্য উপস্থিতি ছিল।
আরো জানুন ---দেশের ৬৪ জেলায় প্রাক-মামলা মধ্যস্থতা কার্যক্রম চালুর উদ্যোগ সরকারের