মাদক, জুয়া ও বাল্যবিবাহ প্রতিরোধে গ্রাম পুলিশদের সক্রিয় হওয়ার নির্দেশ প্রতিমন্ত্রীর
গ্রাম পর্যায়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, মাদক, জুয়া ও বাল্যবিবাহ প্রতিরোধে গ্রাম পুলিশদের আরও সক্রিয় ও দায়িত্বশীল ভূমিকা পালনের নির্দেশ দিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী।
শুক্রবার নান্দাইল উপজেলায় গ্রাম পুলিশদের সঙ্গে আইনশৃঙ্খলা পরিস্থিতি ও বিভিন্ন সামাজিক অপরাধ প্রতিরোধে দিকনির্দেশনামূলক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ নির্দেশনা দেন।
প্রতিমন্ত্রী বলেন, গ্রাম পর্যায়ে শান্তি-শৃঙ্খলা বজায় রাখা, অপরাধ প্রতিরোধ ও সামাজিক সচেতনতা সৃষ্টিতে গ্রাম পুলিশদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মাদক, জুয়া ও বাল্যবিবাহের মতো সামাজিক অপরাধ প্রতিরোধে স্থানীয় জনগণকে সম্পৃক্ত করে কার্যকর উদ্যোগ নিতে হবে।
তিনি আরও বলেন, অপরাধ ও অনিয়মের বিষয়ে সতর্ক থাকতে হবে। এ ধরনের ঘটনা সম্পর্কে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে তথ্য দেওয়ার পাশাপাশি জননিরাপত্তা নিশ্চিত করতে দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে।
এর আগে প্রতিমন্ত্রী নান্দাইল উপজেলার বিএনপির সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় সংগঠনের সাংগঠনিক গতিশীলতা বৃদ্ধি, নেতাকর্মীদের মধ্যে সমন্বয় এবং দলীয় কার্যক্রম আরও সুসংগঠিত করার বিষয়ে আলোচনা হয়।
এদিকে, গতকাল নান্দাইল উপজেলার মোয়াজ্জেমপুর ইউনিয়নের কালেঙ্গা বাজারের উন্নয়ন কার্যক্রম পরিদর্শন করেন প্রতিমন্ত্রী। এ সময় বাজারের পানি নিষ্কাশনের জন্য ড্রেন নির্মাণ ও বসার স্থান তৈরির কাজ দ্রুত সম্পন্ন করার নির্দেশ দেন তিনি।
স্থানীয় উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নে সংশ্লিষ্টদের আন্তরিকতা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার আহ্বান জানান প্রতিমন্ত্রী।