সুন্দরগঞ্জে তারাপুরের ২২ দুর্গামন্দির পরিদর্শন, আর্থিক সহায়তা দিল ইউনিয়ন বিএনপি

শামীম পারভেজ, গাইবান্ধা জেলা প্রতিনিধি
২০ অক্টোবর ২০২৬, ০৬:৪৯ অপরাহ্ন

রংপুর

সুন্দরগঞ্জে তারাপুরের ২২ দুর্গামন্দির পরিদর্শন, আর্থিক সহায়তা দিল ইউনিয়ন বিএনপি

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার ৩ নম্বর তারাপুর ইউনিয়নের ২২টি দুর্গামন্দির পরিদর্শন করেছেন স্থানীয় বিএনপির নেতাকর্মীরা। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মন্দিরগুলোতে গিয়ে হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দের সঙ্গে শুভেচ্ছা বিনিময়, পূজার সার্বিক খোঁজখবর নেওয়া এবং প্রতিটি মন্দিরের সভাপতির হাতে নগদ আর্থিক সহায়তা তুলে দেন তারা।

আসন্ন শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে উদযাপন নিশ্চিত করার লক্ষ্যে এ কর্মসূচি পালন করা হয়। এ সময় বিএনপি, যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা মোটরসাইকেলের বহর নিয়ে ইউনিয়নের বিভিন্ন মন্দির পরিদর্শন করেন।

কর্মসূচিতে নেতৃত্ব দেন শাহজাহান কিবরিয়া নয়ন। তিনি সুন্দরগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও ৩ নম্বর তারাপুর ইউনিয়ন বিএনপির সদস্যসচিব। পাশাপাশি আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বিএনপির সমর্থন প্রত্যাশা করছেন তিনি।

মন্দির পরিদর্শনকালে শাহজাহান কিবরিয়া নয়ন স্থানীয় সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে কথা বলেন এবং তাদের ধর্মীয় উৎসব পালনের পরিবেশ ও সার্বিক পরিস্থিতির খোঁজ নেন। একই সঙ্গে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার প্রত্যাশা জানিয়ে তিনি উপস্থিত সবার কাছে দোয়া ও সহযোগিতা কামনা করেন। নির্বাচিত হলে সাধারণ মানুষের পাশে থেকে কাজ করার প্রত্যয়ও ব্যক্ত করেন।

এ সময় উপস্থিত ছিলেন ৩ নম্বর তারাপুর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক নাজমুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক শাহ আলম মিয়া ও আনিছুর রহমান, ইউনিয়ন ছাত্রদলের সভাপতি কামরুজ্জামান বিপ্লব এবং সাধারণ সম্পাদক আজিজিল বসনিয়া। এ ছাড়া বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা কর্মসূচিতে অংশ নেন।

মন্দির পরিদর্শন ও আর্থিক সহায়তা প্রদান প্রসঙ্গে শাহজাহান কিবরিয়া নয়ন বলেন, “বিগত ফ্যাসিবাদী সরকারের আমলে বিএনপির রাজনীতি করতে গিয়ে নানা হামলা-মামলার মুখোমুখি হয়েছি। তারপরও জনগণের কাছ থেকে দূরে সরে যাইনি। মানুষের বিপদে-আপদে পাশে থাকার চেষ্টা করেছি।”

তিনি আরও বলেন, “আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলের মনোনয়ন ও সমর্থন নিয়ে ৩ নম্বর তারাপুর ইউনিয়নের চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করতে চাই। ধর্ম-বর্ণ নির্বিশেষে সব মানুষের সেবা করাই আমার লক্ষ্য। দল-মতের ঊর্ধ্বে উঠে জনগণের ভালোবাসা নিয়ে এগিয়ে যেতে চাই। আপনারাই আমার শক্তি ও অনুপ্রেরণা।”

স্থানীয় পর্যায়ে এ ধরনের উদ্যোগের মাধ্যমে বিভিন্ন ধর্মীয় সম্প্রদায়ের সঙ্গে যোগাযোগ বৃদ্ধি এবং দুর্গাপূজার সার্বিক পরিবেশ সম্পর্কে খোঁজখবর নেওয়ার বিষয়টি গুরুত্ব পেয়েছে। তারাপুর ইউনিয়নের ২২টি মন্দিরে এ পরিদর্শন ও সহায়তা কার্যক্রম পরিচালিত হয়।