ঠাকুরগাঁও জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত হয়েছেন বুলবুল ইসলাম
শামীম পারভেজ, ঠাকুরগাঁও প্রতিনিধি:
আইন-শৃঙ্খলা রক্ষা, অপরাধ দমনে কার্যকর ভূমিকা এবং মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে কাজ করার স্বীকৃতি হিসেবে ঠাকুরগাঁও জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) নির্বাচিত হয়েছেন বালিয়াডাঙ্গী থানার অফিসার ইনচার্জ বুলবুল ইসলাম।
ঠাকুরগাঁও জেলা পুলিশের মূল্যায়নে বিভিন্ন কর্মসূচি ও পারফরম্যান্স সূচকে সাফল্য অর্জনের পর তাকে জেলার শ্রেষ্ঠ ওসি হিসেবে নির্বাচিত করা হয়। এ উপলক্ষে তাকে পুরস্কৃত ও সম্মাননা প্রদান করা হয়েছে।
জেলা পুলিশের নির্দেশনা ও তত্ত্বাবধানে বালিয়াডাঙ্গী থানার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, মাদক ও সন্ত্রাস দমন এবং বিভিন্ন ধরনের অপরাধ প্রতিরোধে সক্রিয় ভূমিকা পালন করছেন ওসি বুলবুল ইসলাম। একই সঙ্গে সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশি সেবা আরও কার্যকর করার উদ্যোগও নেওয়া হয়েছে।
শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হওয়ায় ঠাকুরগাঁও জেলা পুলিশ সুপারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন বুলবুল ইসলাম। তিনি বলেন, এই অর্জন শুধু ব্যক্তিগত নয়, বালিয়াডাঙ্গী থানার সকল পুলিশ সদস্যের সম্মিলিত প্রচেষ্টার ফল।
তিনি বলেন, “আমার থানার সকল অফিসার ও ফোর্স আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন বলেই এই স্বীকৃতি অর্জন সম্ভব হয়েছে। আমি তাদের প্রতি কৃতজ্ঞ।”
অপরাধ দমনে জনগণের সহযোগিতা কামনা করে তিনি আরও বলেন, “পুলিশ ও জনগণ একসঙ্গে কাজ করলে সমাজ থেকে অপরাধ অনেকাংশে কমিয়ে আনা সম্ভব। কোথাও কোনো অপরাধ সংঘটিত হতে দেখলে দ্রুত সঠিক তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করার আহ্বান জানাই।”
বালিয়াডাঙ্গী থানায় দায়িত্ব পালনকালে অন্যায় ও অপরাধের বিরুদ্ধে আপসহীন থাকার প্রত্যয় ব্যক্ত করে ওসি বুলবুল ইসলাম বলেন, মাদক, সন্ত্রাস ও জুয়ার বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। এ ক্ষেত্রে তিনি সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করেন।
স্থানীয়দের প্রত্যাশা, আইন-শৃঙ্খলা রক্ষা ও অপরাধ নিয়ন্ত্রণে বালিয়াডাঙ্গী থানার কার্যক্রম ভবিষ্যতেও আরও গতিশীল হবে।