টুর্নামেন্টে যাওয়ার পথে সেনেগালিজ বাস্কেটবল খেলোয়াড় আটক
আন্তর্জাতিক ডেস্ক:
যুক্তরাষ্ট্রের কেনটাকি স্টেট ইউনিভার্সিটির নারী বাস্কেটবল দলের সেনেগালিজ খেলোয়াড় আমিনাতা সেককে বিমানবন্দরে আটক করেছে দেশটির অভিবাসন ও কাস্টমস এনফোর্সমেন্ট (আইসিই)। গত মাসে নিউইয়র্কে একটি টুর্নামেন্টে দলের সঙ্গে যোগ দিতে লুইভিলের মুহাম্মদ আলী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে তাঁকে আটক করা হয়।
২৬ বছর বয়সী সেক সেনেগালের রাজধানী ডাকারের বাসিন্দা। তাঁর আইনজীবী সাদিকা রেনল্ডস সামাজিক যোগাযোগমাধ্যমে জানান, শিক্ষার্থী ভিসায় ২০১৯ সালের সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্রে প্রবেশ করেছিলেন সেক।
রেনল্ডসের ভাষ্য অনুযায়ী, গত ৭ আগস্ট লুইভিল বিমানবন্দরে সেককে আটক করা হয়। ওই সময় তিনি তাঁর দলের সঙ্গে একটি এইচবিসিইউ টুর্নামেন্টে অংশ নিতে নিউইয়র্ক যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন।
সেককে আটকের খবর প্রথম প্রকাশ করে লুইভিল কুরিয়ার জার্নাল। পত্রিকাটিকে রেনল্ডস বলেন, পিঠে অস্ত্রোপচারের কারণে সেক শিক্ষার্থী ভিসার একটি নির্ধারিত সময়সীমা মিস করে থাকতে পারেন। তাঁর হাঁটুতেও এসিএল চোট রয়েছে।
তবে মার্কিন হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ এক বিবৃতিতে জানিয়েছে, সেক ২০১৯ সালের সেপ্টেম্বরে বৈধভাবেই যুক্তরাষ্ট্রে প্রবেশ করেছিলেন। পরে তিনি ভিসার মেয়াদ শেষ হওয়ার পরও দেশটিতে থেকে যান, যা মার্কিন আইনের লঙ্ঘন।
বিভাগটি আরও জানায়, প্রায় এক বছর আগে একজন অভিবাসন বিচারক সেককে যুক্তরাষ্ট্র থেকে বহিষ্কারের নির্দেশ দিয়েছিলেন। নির্ধারিত অভিবাসন শুনানিতে তিনি উপস্থিত না হওয়ার পর ওই আদেশ দেওয়া হয়।
আটকের সময় সেকের পায়ে হাঁটুর চোটের কারণে ব্রেস পরানো ছিল বলে জানিয়েছে হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ। বর্তমানে তিনি একটি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
রেনল্ডস জানান, গত সপ্তাহে তিনি সেকের সঙ্গে কথা বলেছেন। তখন সেক জানান, তিনি এখনো প্রচণ্ড ব্যথায় ভুগছেন। আইনজীবীর ভাষ্য, হাসপাতালে পাঠানোর আগে সেককে একাধিক আটককেন্দ্রে স্থানান্তর করা হয়েছিল।
সেকের নাম এখনো কেনটাকির গ্রেসন কাউন্টি ডিটেনশন সেন্টারের অনলাইন বন্দী তালিকায় রয়েছে। সেখানে তাঁর আটকের কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে-‘ইউএস ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটি / আইসিই’।
কংগ্রেস সদস্যের উদ্বেগ
লুইভিলসহ একটি আসনের প্রতিনিধিত্বকারী ডেমোক্র্যাট কংগ্রেস সদস্য মরগ্যান ম্যাকগারভি জানান, সেকের পরিস্থিতি তিনি পর্যবেক্ষণ করছেন। কেনটাকিতে আটক ও হেফাজতে নেওয়া অন্য ব্যক্তিদের বিষয়ও তিনি নজরে রাখছেন বলে জানান।
এক বিবৃতিতে ম্যাকগারভি বলেন, আমিনাতা একজন শিক্ষার্থী-অ্যাথলেট। সতীর্থদের সঙ্গে ভ্রমণের সময় বিমানবন্দরে তাঁকে আইসিই আটক করেছে। ট্রাম্প প্রশাসনের কর্মকাণ্ডের সমালোচনা করে তিনি বলেন, এ ধরনের পরিস্থিতিকে স্বাভাবিক হতে দেওয়া হবে না এবং সেকের জন্য তাঁরা চেষ্টা চালিয়ে যাবেন।
বাস্কেটবল কোর্টে সেকের সাফল্য
কেনটাকি স্টেট ইউনিভার্সিটির হয়ে গত মৌসুমে দারুণ পারফরম্যান্স করেছেন ৬ ফুট ৪ ইঞ্চি উচ্চতার সেন্টার আমিনাতা সেক।
গত মৌসুমে প্রতি ম্যাচে ১১ দশমিক ৭ পয়েন্ট এবং ৭ দশমিক ৩টি রিবাউন্ড নিয়ে দলের সেরা ছিলেন তিনি। এই পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবে সাউদার্ন ইন্টারকলেজিয়েট অ্যাথলেটিক কনফারেন্সের (এসআইএসি) অল-কনফারেন্স তৃতীয় দলে জায়গা পান।
মৌসুমে পাঁচটি ম্যাচে ডাবল-ডাবল করেন সেক। গত ১৪ জানুয়ারি লেন কলেজের বিপক্ষে ম্যাচে ৩০ পয়েন্ট করে মৌসুমের সর্বোচ্চ স্কোরও করেন তিনি।
শুধু খেলাধুলায় নয়, পড়াশোনাতেও সাফল্য পেয়েছেন সেক। তাঁকে এসআইএসি নারী বাস্কেটবলের ‘এলিট ১৬’ পুরস্কারের বিজয়ী করা হয়। সম্মেলনটির একাডেমিক অর্জনের সর্বোচ্চ স্বীকৃতি এই পুরস্কার। মাঠ ও শ্রেণিকক্ষে অসাধারণ পারফরম্যান্স করা শিক্ষার্থী-অ্যাথলেটদের এই সম্মান দেওয়া হয়।
এ বিষয়ে কেনটাকি স্টেট ইউনিভার্সিটির কাছে মন্তব্য জানতে চাওয়া হলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কোনো তথ্য দিতে রাজি হয়নি। এক বিবৃতিতে তারা বলেছে, সংশ্লিষ্ট ব্যক্তিদের গোপনীয়তার প্রতি সম্মান জানিয়ে এ বিষয়ে তাদের কাছে প্রকাশ করার মতো কোনো তথ্য নেই।
সূত্র: আরব নিউজ
আরো জানুন ---এশিয়ান গেমস,আর্জেন্টিনার বিপক্ষে ব্রাজিল