হাল্কের জোড়া গোলে করিন্থিয়ান্সকে ঘরের মাঠে হারাল ফ্লুমিনেন্স
শাহনুর রুমেন | সাও পাওলো (ব্রাজিল)
ব্রাজিলিয়ান সিরি আতে ঘরের মাঠে বড় ধাক্কা খেল করিন্থিয়ান্স। রোববার (২০ সেপ্টেম্বর) সাও পাওলোর নো কিমিকা অ্যারেনায় ফ্লুমিনেন্সের কাছে ৩–১ গোলে হেরেছে স্বাগতিকরা। ফ্লুমিনেন্সের জয়ে জোড়া গোল করে ম্যাচের নায়ক হয়েছেন অভিজ্ঞ ব্রাজিলিয়ান তারকা হাল্ক। যোগ করা সময়ে কেভিন সেরনার গোলে ব্যবধান আরও বাড়ায় ফ্লুমিনেন্স। করিন্থিয়ান্সের হয়ে একমাত্র গোলটি করেন গুস্তাভো এনরিক।
ম্যাচের শুরু থেকেই দুই দল আক্রমণাত্মক ফুটবল খেললেও প্রথমে এগিয়ে যাওয়ার সুযোগ তৈরি করে ফ্লুমিনেন্স। প্রথমার্ধের ২৩ মিনিটে হাল্কের শটে বল করিন্থিয়ান্সের এক খেলোয়াড়ের গায়ে লেগে দিক পরিবর্তন করে জালে জড়ায়। শুরুতে অফসাইডের কারণে গোলটি বাতিল করা হলেও ভিএআর পর্যালোচনার পর গোলের সিদ্ধান্ত বহাল থাকে। ফলে এগিয়ে যায় ফ্লুমিনেন্স।
বিরতির পর সমতায় ফেরার জন্য মরিয়া হয়ে ওঠে করিন্থিয়ান্স। দ্বিতীয়ার্ধের ১৩ মিনিটে সেই চেষ্টা সফল হয়। ফ্লুমিনেন্স গোলরক্ষক ফাবিওর ফিরিয়ে দেওয়া বল কাজে লাগিয়ে গুস্তাভো এনরিক গোল করেন। ম্যাচে ফিরে আসে করিন্থিয়ান্স।
তবে সমতা বেশিক্ষণ ধরে রাখতে পারেনি স্বাগতিকরা। এরপর আবারও আক্রমণে উঠে ফ্লুমিনেন্স। সুযোগ কাজে লাগিয়ে নিজের দ্বিতীয় গোল করেন হাল্ক। তাঁর শটে বল ভেজা মাঠে বাউন্স করে করিন্থিয়ান্সের গোলরক্ষক হুগো সুজাকে পরাস্ত করে। ২–১ গোলে এগিয়ে যায় সফরকারীরা।
শেষ দিকে সমতা ফেরাতে করিন্থিয়ান্স একের পর এক আক্রমণ চালালেও ফ্লুমিনেন্সের রক্ষণ ভাঙতে পারেনি। ম্যাচের যোগ করা সময়ে পাল্টা আক্রমণ থেকে মার্টিনেল্লির পাস পেয়ে বক্সে ঢুকে নিচু শটে গোল করেন কলম্বিয়ান ফরোয়ার্ড কেভিন সেরনা। তাঁর গোলে ৩–১ ব্যবধানের জয় নিশ্চিত করে ফ্লুমিনেন্স।
এই হারে ব্রাজিলিয়ান সিরি আতে করিন্থিয়ান্সের টানা ষষ্ঠ পরাজয় হলো। নিজেদের মাঠেও এটি দলটির টানা চতুর্থ হার। অন্যদিকে গুরুত্বপূর্ণ এই জয় ফ্লুমিনেন্সকে পয়েন্ট তালিকার শীর্ষ চার দলের লড়াইয়ে আরও এগিয়ে দিয়েছে।
নো কিমিকা অ্যারেনায় ম্যাচটি দেখতে ৩৮ হাজারের বেশি দর্শক উপস্থিত ছিলেন। দলের টানা ব্যর্থতায় ম্যাচের সময় ও শেষে করিন্থিয়ান্স সমর্থকদের মধ্যে হতাশা দেখা যায়। মাঠের পারফরম্যান্সের পাশাপাশি দলটির সাম্প্রতিক ফলাফল নিয়েও সমর্থকদের মধ্যে অসন্তোষ তৈরি হয়েছে।