সংবাদ শিরোনাম

বাংলাদেশি সাংবাদিকদের জন্য ভারতে বিনা খরচে প্রশিক্ষণ

 প্রকাশ: ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৬ অপরাহ্ন   |   জাতীয়

বাংলাদেশি সাংবাদিকদের জন্য ভারতে বিনা খরচে প্রশিক্ষণ


অনলাইন ডেস্ক:
বাংলাদেশি সাংবাদিকদের জন্য সাংবাদিকতা ও জনসংযোগ বিষয়ে বিশেষ প্রশিক্ষণের আয়োজন করেছে ভারত সরকার। সাত দিনের এ প্রশিক্ষণ হবে ভারতের হায়দ্রাবাদে। নির্বাচিত সাংবাদিকদের যাওয়া-আসার বিমান ভাড়া থেকে শুরু করে থাকা-খাওয়া ও কোর্স ফি-সব খরচ বহন করবে ভারত সরকার।

আগামী ২৫ থেকে ৩১ অক্টোবর হায়দ্রাবাদের ড. মারি চান্না রেড্ডি হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট ইনস্টিটিউটে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হবে।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) ঢাকায় ভারতীয় হাইকমিশনের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়। হাইকমিশনের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে বলা হয়েছে, আইটেক স্কিমের আওতায় বাংলাদেশের সাংবাদিকদের জন্য ‘জার্নালিজম অ্যান্ড পাবলিক রিলেশনস’ বিষয়ে এ সক্ষমতা-বৃদ্ধিমূলক কোর্সের আয়োজন করা হয়েছে।

তবে সবার জন্য নয়। অর্থনীতি, অর্থসংস্থান, বাণিজ্য ও জ্বালানি খাতের সংবাদ সংগ্রহের সঙ্গে যুক্ত সাংবাদিকদের কথা মাথায় রেখেই কোর্সটি তৈরি করা হয়েছে।

প্রশিক্ষণে গণমাধ্যমের সঙ্গে সম্পর্ক, কৌশলগত যোগাযোগ এবং গণমাধ্যমে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহারসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হবে। পাশাপাশি এসব ক্ষেত্রে ব্যবহারিক দক্ষতা বাড়ানোর ওপরও গুরুত্ব দেওয়া হবে।

হায়দ্রাবাদে আরও যেসব সুযোগ
প্রশিক্ষণের পাশাপাশি অংশগ্রহণকারীদের জন্য থাকছে হায়দ্রাবাদের হাইটেক সিটি পরিদর্শনের সুযোগ। স্টার্টআপ ও উদ্যোক্তাদের সঙ্গে মতবিনিময়ের ব্যবস্থাও থাকবে। এর সঙ্গে স্থানীয় দর্শনীয় স্থান ঘুরে দেখার কর্মসূচি রয়েছে।

সাত দিনের কোর্স সফলভাবে শেষ করা সাংবাদিকদের সনদপত্র দেওয়া হবে।

কারা আবেদন করতে পারবেন
অর্থনীতি, অর্থসংস্থান, বাণিজ্য ও জ্বালানি খাতে ৫ থেকে ১০ বছরের পেশাগত অভিজ্ঞতা রয়েছে-এমন আগ্রহী সাংবাদিকরা নির্ধারিত লিংকের মাধ্যমে আবেদন করতে পারবেন।

নির্বাচিত হওয়ার পর অংশগ্রহণকারীদের নিজ নিজ প্রতিষ্ঠানের কাছ থেকে অনাপত্তি সনদ (এনওসি) জমা দিতে হবে।

ভারতীয় হাইকমিশনের তথ্য অনুযায়ী, নির্বাচিত সাংবাদিকদের বিমান ভাড়া, কোর্স ফি, আবাসন ও জীবনযাপন ভাতাসহ প্রশিক্ষণ-সংক্রান্ত যাবতীয় ব্যয় ভারত সরকার বহন করবে।