পাসপোর্ট হারালে প্রথমবার ছাড়, দ্বিতীয়বার থেকে ১০ হাজার টাকা
অনলাইন ডেস্ক:
পাসপোর্ট হারিয়ে গেলে, চুরি হলে বা নষ্ট হলে প্রথমবার অতিরিক্ত কোনো জরিমানা দিতে হবে না। তবে দ্বিতীয়বার থেকে প্রতিবার নতুন পাসপোর্ট নিতে নির্ধারিত ফির সঙ্গে গুনতে হবে আরও ১০ হাজার টাকা দণ্ড ফি।
সোমবার (২১ সেপ্টেম্বর) এ বিষয়ে নতুন পরিপত্র জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বহির্গমন-৭ শাখা। এতে সই করেছেন উপসচিব মোহাম্মদ নুরুজ্জামান।
পরিপত্রে বলা হয়েছে, সাম্প্রতিক সময়ে দেশে উল্লেখযোগ্যসংখ্যক মানুষ পাসপোর্ট হারানো, চুরি বা নষ্ট হওয়ার কথা জানিয়ে পুনঃইস্যুর আবেদন করছেন। পাসপোর্ট সংবেদনশীল ভ্রমণ নথি হওয়ায় এর অপব্যবহারের মাধ্যমে মানবপাচার, অবৈধ অনুপ্রবেশ ও রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডসহ নানা নিরাপত্তাঝুঁকি তৈরি হতে পারে। এসব বিষয় বিবেচনায় নিয়েই নতুন নিয়ম করা হয়েছে।
পাসপোর্ট হারালে যা করতে হবে
পাসপোর্ট হারানো, চুরি বা নষ্ট হওয়ার পর যত দ্রুত সম্ভব বহিরাগমন ও পাসপোর্ট অধিদপ্তরের নির্ধারিত ওয়েবসাইট বা অনলাইন ব্যবস্থায় বিষয়টি জানাতে হবে। একই সঙ্গে নিকটস্থ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করতে হবে।
জিডি করার পর সংশ্লিষ্ট থানা ৭২ ঘণ্টার মধ্যে এর তথ্য যাচাই করে প্রতিবেদন বহিরাগমন ও পাসপোর্ট অধিদপ্তর বা নিকটস্থ পাসপোর্ট অফিসে পাঠাবে। এই সময়ের মধ্যে প্রতিবেদন না এলেও জিডির কপি দিয়ে পাসপোর্ট পুনঃইস্যুর আবেদন করা যাবে।
এরপর বহিরাগমন ও পাসপোর্ট অধিদপ্তর ‘Lost Circular’ জারি করে পুনঃইস্যুর প্রক্রিয়া শেষ করবে।
জিডি যাচাইয়ের সময় যদি দেখা যায়, ভিসা পাওয়ার জন্য কোনো ব্যক্তি, প্রতিষ্ঠান বা ট্রাভেল এজেন্সির কাছে পাসপোর্ট জমা দেওয়া হয়েছিল এবং সেটি অবৈধভাবে আটকে রাখা হয়েছে, কিন্তু দ্রুত ফেরত বা উদ্ধার করা সম্ভব নয়-তাহলে আগের পাসপোর্ট ‘Revoke’ করে নতুন পাসপোর্ট দেওয়া যাবে।
হারানো বা চুরি হওয়া পাসপোর্টের তথ্য পাওয়ার পর স্পেশাল ব্রাঞ্চ (এসবি) তাদের Immigration Management System (IMS)-এ তথ্য হালনাগাদ করবে। প্রয়োজন হলে ইন্টারপোলকেও জানানো হবে।
বিদেশে পাসপোর্ট হারালে
বিদেশে থাকা অবস্থায় পাসপোর্ট হারালে, চুরি হলে বা নষ্ট হলে অনলাইনে রিপোর্ট করার পাশাপাশি সংশ্লিষ্ট বাংলাদেশ দূতাবাস, হাইকমিশন বা কনস্যুলেটকে জানাতে হবে।
সংশ্লিষ্ট মিশন ‘Lost Circular’ জারি করে নতুন পাসপোর্ট দেওয়ার প্রক্রিয়া সম্পন্ন করবে। পাশাপাশি প্রয়োজনীয় তথ্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পাঠাবে।
নতুন পাসপোর্টে থাকবে বিশেষ উল্লেখ
হারানো, চুরি বা নষ্ট হওয়া পাসপোর্টের বদলে নতুন পাসপোর্ট দেওয়া হলে এর ডেটাপেজে স্পষ্টভাবে লেখা থাকবে-‘Previous Passport is Reported to be Lost’।
একই সঙ্গে আগের পাসপোর্টের অবস্থা সংশ্লিষ্ট ডাটাবেজে ‘Lost/Revoked’ হিসেবে হালনাগাদ করতে হবে।
পাসপোর্ট হারানোর পর নতুন পাসপোর্ট নেওয়ার সময় আবেদনকারীর নাম, জন্মতারিখ, বাবার নাম ও মায়ের নামের মতো মৌলিক পরিচয়গত তথ্য পুরোপুরি পরিবর্তন করা যাবে না। তবে আইন ও বিধি অনুযায়ী বৈধ সংশোধনের আবেদন আলাদাভাবে বিবেচনা করা যাবে।
পুরোনো পাসপোর্ট পরে পাওয়া গেলেও ব্যবহার করা যাবে না
আংশিক ক্ষতিগ্রস্ত বা নষ্ট পাসপোর্টের শনাক্তযোগ্য অংশ আবেদনকারীর কাছে থাকলে সেটি জমা দিয়ে নতুন পাসপোর্ট নেওয়া যাবে। কিন্তু পাসপোর্ট পুরোপুরি নষ্ট হয়ে গেলে এবং পরিচয় শনাক্ত করার মতো কোনো অংশ দেখানো সম্ভব না হলে হারানো পাসপোর্টের ক্ষেত্রে যে নিয়ম, সেটিই অনুসরণ করতে হবে।
আর হারানো বা চুরি হয়েছে বলে রিপোর্ট করার পর পুরোনো পাসপোর্ট ‘Revoke’ করা হলে সেটি পরে পাওয়া গেলেও আর সক্রিয় করা যাবে না। বিদেশ ভ্রমণেও ব্যবহার করা যাবে না।
এ ধরনের পাসপোর্ট পরে পাওয়া গেলে সঙ্গে সঙ্গে থানায় এবং নির্ধারিত অনলাইন ব্যবস্থায় বিষয়টি জানাতে হবে। বিদেশে থাকলে সংশ্লিষ্ট বাংলাদেশ মিশনকেও অবহিত করতে হবে। প্রয়োজন অনুযায়ী কর্তৃপক্ষ ডাটাবেজ ও ইমিগ্রেশন অ্যালার্ট হালনাগাদ করবে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, হারানো, চুরি বা নষ্ট হওয়া পাসপোর্ট পুনঃইস্যু নিয়ে আগের বিভিন্ন পরিপত্র, আদেশ ও নির্দেশনা সমন্বয় ও সংশোধন করেই নতুন নির্দেশনা দেওয়া হয়েছে। পরিপত্র জারির দিন থেকেই নতুন নিয়ম কার্যকর হয়েছে।