জাতিসংঘ সাধারণ পরিষদের উদ্বোধনী অধিবেশনে প্রধানমন্ত্রী
অনলাইন ডেস্ক:
জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সাধারণ বিতর্কের উদ্বোধনী অধিবেশনে যোগ দিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) নিউইয়র্কের স্থানীয় সময় সকালে জাতিসংঘ সদর দপ্তরে অনুষ্ঠিত এই অধিবেশনে অংশ নেন তিনি।
এর আগে জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের আয়োজিত স্বাগত প্রাতরাশে অংশ নেন প্রধানমন্ত্রী তারেক রহমান ও তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান। বিশ্বনেতা ও তাঁদের সঙ্গীদের সম্মানে স্থানীয় সময় সকাল সাড়ে ৭টায় জাতিসংঘ সদর দপ্তরে এই প্রাতরাশের আয়োজন করা হয়।
পরে প্রধানমন্ত্রী সাধারণ পরিষদের উদ্বোধনী অধিবেশনে যোগ দেন। জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস অধিবেশনের উদ্বোধন করেন।
২৪ সেপ্টেম্বর ভাষণ
আগামী ২৪ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রী তারেক রহমানের।
সফরসংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, তাঁর ভাষণে বাংলাদেশের গণতান্ত্রিক যাত্রা, আইনের শাসন ও জবাবদিহিতা, বৈশ্বিক শান্তি ও নিরাপত্তা, জলবায়ু পরিবর্তন এবং টেকসই উন্নয়নের মতো বিষয় গুরুত্ব পাবে।
এ ছাড়া অর্থনৈতিক সহযোগিতা, নারী ও যুবকদের ক্ষমতায়ন, শিক্ষা ও স্বাস্থ্য, রোহিঙ্গা সংকট এবং বহুপক্ষীয় আন্তর্জাতিক ব্যবস্থার সংস্কার নিয়েও তিনি কথা বলতে পারেন।
নিউইয়র্কে বিশ্বনেতাদের সমাগম
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশন আনুষ্ঠানিকভাবে শুরু হয় গত ৮ সেপ্টেম্বর। তবে সাধারণ বিতর্ক শুরু হয়েছে মঙ্গলবার থেকে। অধিবেশনে অংশ নিতে বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানেরা নিউইয়র্কে জড়ো হয়েছেন।
সাধারণ বিতর্কের উদ্বোধনী পর্বে বিভিন্ন দেশের নেতাদের বক্তব্য দেওয়ার কথা রয়েছে। তাঁদের মধ্যে রয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা এবং তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান।
জাতিসংঘ সাধারণ পরিষদের এবারের অধিবেশনে বিভিন্ন দেশের নেতাদের মধ্যে দ্বিপক্ষীয় যোগাযোগ, কূটনৈতিক আলোচনা ও মতবিনিময়ের সুযোগ তৈরি হবে।
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি হিসেবে অধিবেশনে সভাপতিত্ব করছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান।