নারায়ণগঞ্জের জন্য বিশেষ মাস্টারপ্ল্যান করা হবে
অনলাইন ডেস্ক:
নারায়ণগঞ্জের জন্য একটি বিশেষ মাস্টারপ্ল্যান করা হবে বলে জানিয়েছেন গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী যাকারিয়া তাহের। শহরের বর্তমান সীমানা আরও বাড়ানো যায় কি না, সেটিও যাচাই করা হচ্ছে বলে জানান তিনি।
মন্ত্রীর ভাষ্য, এর মূল লক্ষ্য নারায়ণগঞ্জের মানুষকে আরও ভালো নাগরিক সেবা দেওয়া।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের কার্যালয় উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন গণপূর্তমন্ত্রী।
তিনি বলেন, সরকারের প্রথম অধিবেশনেই নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষ গঠনের আইন পাস করা হয়েছিল। এবার প্রতিষ্ঠানটি আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করছে। সেই কারণেই কার্যালয় উদ্বোধনের অনুষ্ঠানে যোগ দিতে তিনি নারায়ণগঞ্জে এসেছেন।
নারায়ণগঞ্জের উন্নয়ন পরিকল্পনা নিয়ে মন্ত্রী বলেন, রাজউকও সরকারের একটি প্রতিষ্ঠান, নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষও সরকারেরই অংশ। জনগণের জন্য যে সিদ্ধান্ত ভালো হবে, সেটিই নেওয়া হবে। তবে সরকারি সিদ্ধান্ত নিতে হলে সব দিক বিবেচনায় রাখতে হয়।
তিনি বলেন, সরকার দায়িত্ব নেওয়ার পর দেখা গেছে, রাজউকের আওতাধীন বিশাল এলাকার তুলনায় প্রয়োজনীয় জনবল ছিল না। ফলে সঠিকভাবে সেবা দেওয়া কঠিন হয়ে পড়ছিল।
এ কারণে গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষের পাশাপাশি নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষ গঠন করা হয়েছে বলে জানান তিনি। তাঁর মতে, ঢাকাসহ আশপাশের এলাকার মানুষকে আরও ভালো সেবা দিতে হলে কাজের পরিধির সঙ্গে সামঞ্জস্য রেখে পর্যাপ্ত জনবলও থাকতে হবে।
অনুষ্ঠানে নারায়ণগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু, নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালাম, নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মাসুকুল ইসলাম রাজীব, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খানসহ স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।