ব্রাজিলিয়ান ফুটবলে বড় পরিবর্তন, কমছে বিদেশি খেলোয়াড়ের সীমা
শাহনুর রুমেন | সাও পাওলো, ব্রাজিল:
ব্রাজিলের ঘরোয়া ফুটবলে বড় পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে দেশটির ফুটবল কনফেডারেশন (CBF)। ২০২৭ সাল থেকে Brasileirão Série A ও Série B-এর প্রতি ম্যাচে বিদেশি খেলোয়াড়ের সর্বোচ্চ সীমা ধাপে ধাপে কমানো হবে।
বর্তমানে একটি দল ম্যাচের অফিসিয়াল তালিকায় সর্বোচ্চ ৯ জন বিদেশি খেলোয়াড় রাখতে পারে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী ২০২৭ সালে এই সংখ্যা হবে ৮, ২০২৮ সালে ৭, ২০২৯ সালে ৬ এবং ২০৩০ সাল থেকে সর্বোচ্চ ৫ জন বিদেশি খেলোয়াড় রাখা যাবে।
সোমবার রিও ডি জেনেইরোতে CBF, Série A ও Série B-এর ৪০টি ক্লাব এবং রাজ্য ফুটবল ফেডারেশনগুলোর প্রতিনিধিদের বৈঠকে এই সিদ্ধান্ত অনুমোদন করা হয়।
CBF-এর ব্যাখ্যা অনুযায়ী, এর অন্যতম লক্ষ্য হলো ব্রাজিলের তরুণ ফুটবলারদের জন্য আরও বেশি সুযোগ তৈরি করা। সংস্থাটির তথ্য অনুযায়ী, ২০২৬ সালে Brasileirão Série A-তে অনূর্ধ্ব-২৩ খেলোয়াড়রা মোট খেলার সময়ের মাত্র ১৩.৮ শতাংশ পেয়েছেন।
নতুন ব্যবস্থায় শুধু বিদেশি খেলোয়াড়ের সীমাই নয়, খেলোয়াড় নিবন্ধনের কাঠামোতেও পরিবর্তন আসছে। ২০২৭ সাল থেকে একটি ক্লাব সর্বোচ্চ ৫০ জন খেলোয়াড় নিবন্ধন করতে পারবে। এর মধ্যে অন্তত ২০ জন থাকবেন অনূর্ধ্ব-২৩ খেলোয়াড়। ২০৩০ সালে এই সংখ্যা বেড়ে হবে ২৫ জন।
তবে নতুন নিয়মের অর্থ ক্লাবের পুরো স্কোয়াডে সর্বোচ্চ পাঁচজন বিদেশি থাকতে পারবেন—এমন নয়। পাঁচজনের সীমাটি প্রযোজ্য হবে প্রতি ম্যাচের অফিসিয়াল তালিকায়।
ব্রাজিলিয়ান ফুটবলে বিদেশি খেলোয়াড়ের উপস্থিতি গত কয়েক বছরে দ্রুত বেড়েছে। এবার ধাপে ধাপে সেই সীমা কমিয়ে দেশীয় তরুণ প্রতিভাদের জন্য আরও জায়গা তৈরির পথে হাঁটছে CBF।