সংবাদ শিরোনাম

এশিয়ান গেমস ১৬ বছরের খরা ঘুচানে চান লিটন

 প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০১:০১ অপরাহ্ন   |   খেলাধুলা

এশিয়ান গেমস ১৬ বছরের খরা ঘুচানে চান লিটন লিটন কুমার দাস

ক্রীড়া প্রতিবেদক: 
এশিয়ান গেমসের ইতিহাসে বাংলাদেশ প্রথম স্বর্ন জয় করেছিল ক্রিকেটের কল্যানে। ২০১০ সালে প্রথম আসরেই বাজিমাত। এরপর পেরিয়ে গেছে ১৬ বছর। ২০১৪ ও ২০২৩ সালের এশিয়ান গেমস পুরুষ ক্রিকেটে আর স্বর্ণপদক গলায় পরা হয়নি বাংলাদেশের। এবারের টুর্নামেন্টে সেই অপেক্ষার অবসান ঘটাতে চান লিটন কুমার দাস। জাপানের আইচি-নাগোয়ার এশিয়ান গেমস ২০২৬-এ ছেলেদের ক্রিকেট শুরু হবে বৃহস্পতিবার। তবে র‌্যাঙ্কিংয়ের ভিত্তিতে প্রথম রাউন্ডে ’বাই’ পেয়ে যাওয়ায় সরাসরি কোয়ার্টার-ফাইনালে খেলবে বাংলাদেশ। তাই তাদের প্রথম ম্যাচ আগামী মঙ্গলবাআর। এখনও চূড়ান্ত হয়নি কোয়ার্টারে কোন দলের বিপক্ষে খেলবে বাংলাদেশ। প্রথম রাউন্ডে ’বি’ গ্রুপে লড়বে ওমান, হংকং ও মালয়েশিয়া। নাগোয়ার নিশিনে আগামী মঙ্গলবার এই গ্রুপের সেরা দলের মুখোমুখি হবে বাংলাদেশ। তবে প্রতিপক্ষ এখনও অজানা হলেও, নিজেদের প্রস্তুতিতে কোনো ঘাটতি রাখেনি বাংলাদেশ। ভারত ও পাকিস্তানের মতোই পূর্ণ শক্তির দল ঘোষণার পর দেশেই নিজেদের মধ্যে দুটি প্রস্তুতি ম্যাচও  খেলেছে লিটন কুমার দাসের দল। মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বুধবার দ্বিতীয় ও শেষ প্রস্তুতি ম্যাচের পর সংবাদ সম্মেলনে নিজ দলের অবস্থা জানান লিটন। 

প্রস্তুতি সম্পর্কে জানিয়ে তিনি বলেন, ’প্রস্তুতি খুবই ভালো হয়েছে। দুইটা প্রস্তুতি ম্যাচ খেলার সুযোগ পেয়েছি অনেকদিন পর। আমরা লাস্ট টি-টোয়েন্টি সিরিজ খেলেছি জিম্বাবুয়েতে। ওখান থেকে একসাথে বন্ডিং হওয়ার একটা সুযোগ এই প্রস্তুতি ম্যাচ দুইটি’। ’আমার কাছে মনে হয় আমরা প্রস্তুতিগত দিক থেকে খুবই ভালো। অবশ্যই এখানে টার্গেট তো একটাই থাকবে। যেহেতু একটা টুর্নামেন্ট খেলতে যাচ্ছি, ফাইনাল খেলা এবং ফাইনালে যেন ভালো কিছু করতে পারি’। লিটনের আন্তর্জাতিক অভিষেকের পর একবার এশিয়ান গেমস ক্রিকেটে অংশ নিয়েছে বাংলাদেশ। তবে ২০২৩ সালের হাংজু এশিয়ান গেমসের পাশাপাশি একই সময় ওয়ানডে বিশ্বকাপ চলমান থাকায়,  সেটি খেলা হয়নি লিটনসহ মূল দলের কোনো ক্রিকেটারের। তাই এবারই প্রথমবার এশিয়ান গেমসের মঞ্চে খেলতে নামবেন লিটন, নাজমুল হোসেন শান্ত, মুস্তাফিজুর রহমান, সাইফ হাসানরা। আর সর্বোচ্চ সাফল্য দিয়েই এই সুযোগটি রাঙিয়ে রাখতে চান বাংলাদেশের অধিনায়ক। 
’বাংলাদেশ দল (এশিয়ান গেমস) খেলেছে অনেকবার। তবে আমিসহ অনেকে প্রথমবার খেলার সুযোগ পেয়েছি। আমার কাছে এটা একটা বড় জিনিস যে জাতীয় দলের হয়ে সার্ভ করছি। এরকম একটা জায়গায় খেলাও বড় জিনিস। সবসময় জিতলে আপনি ট্রফি জিতবেন। তবে এখানে একটা স্বর্ণপদকের বিষয় থাকে। এটাই একটা বড় স্বপ্ন। আমার মনে হয় সব ক্রিকেটারই অনেক রোমাঞ্চিত’, জানিয়েছেন লিটন। এসময় প্রত্যাশার প্রসঙ্গে বড় স্বপ্নের কথাই বলেন লিটন, ’প্রত্যাশা তো সবারই থাকবে। আমিও ক্রিকেটার হিসেবে প্রত্যাশা নিয়েই যাব যে, ওখানে ভালো কিছু করব। একটা জিনিস বলতে পারি যে ছেলেরা অনেক আগ্রহী এই টুর্নামেন্টটা খেলার জন্য। কারণ এই টুর্নামেন্টটা প্রতি বছর আসে না’। ’আপনি ফ্র্যাঞ্চাইজি লিগ বা জাতীয় দলে যেকোনো জিনিস এক বছর পরপরই পেয়ে যাবেন। এই খেলাটা সবসময় হয় না। প্রত্যেকটা ক্রিকেটার অনেক রোমাঞ্চিত। আর বড় স্বপ্ন যেটা (স্বর্ণপদক), সেটাই পূরণ করার চেষ্টাই করব আমরা’, লিটন তার পরিকল্পনার কথা জানিয়েছেন।