সংবাদ শিরোনাম

এশিয়ান গেমসে ৪০ বছর পর বাংলাদেশের ব্যক্তিগত পদক, ইতিহাস গড়লেন জিন্নাত

 প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫০ অপরাহ্ন   |   খেলাধুলা

এশিয়ান গেমসে ৪০ বছর পর বাংলাদেশের ব্যক্তিগত পদক, ইতিহাস গড়লেন জিন্নাত জিন্নাত আক্তার

ক্রীড়া ডেস্ক:

এশিয়ান গেমসে দীর্ঘ ৪০ বছরের অপেক্ষার অবসান ঘটালেন বাংলাদেশের উশু খেলোয়াড় জিন্নাত আক্তার। নারীদের ৫২ কেজি ওজন শ্রেণিতে ব্রোঞ্জ পদক নিশ্চিত করে দেশের ক্রীড়াঙ্গনে নতুন ইতিহাস গড়েছেন নেত্রকোনার এই তরুণী।

বুধবার (২৩ সেপ্টেম্বর) উশুর সেমিফাইনালে চীনের উ ডিয়ের কাছে হেরে স্বর্ণ ও রৌপ্য পদকের লড়াই থেকে ছিটকে যান জিন্নাত। তবে সেমিফাইনালে ওঠার আগেই তার ব্রোঞ্জ নিশ্চিত হয়েছিল। আগামীকাল আনুষ্ঠানিকভাবে তার গলায় উঠবে এশিয়ান গেমসের ব্রোঞ্জ পদক।

এর আগে ইন্দোনেশিয়ার থারিসা দিয়া ফ্লোরেন্তিনা ডিসকোয়ালিফায়েড হওয়ায় সেমিফাইনালে খেলার সুযোগ পান জিন্নাত। সেমিফাইনালে জায়গা করে নেওয়ার সঙ্গে সঙ্গেই অন্তত ব্রোঞ্জ নিশ্চিত হয়ে যায় তার।

জিন্নাতের এই সাফল্য বাংলাদেশের এশিয়ান গেমস ইতিহাসেও বিশেষ তাৎপর্য বহন করছে। ১৯৮৬ সালে সিউল এশিয়ান গেমসে বক্সার মোশাররফ হোসেন লাইট-হেভিওয়েট ব্যক্তিগত ইভেন্টে ব্রোঞ্জ জিতেছিলেন। সেটিই ছিল এতদিন এশিয়ান গেমসে বাংলাদেশের সর্বশেষ ব্যক্তিগত পদক।


এরপর প্রায় চার দশক ধরে একক ইভেন্টে আর কোনো বাংলাদেশি ক্রীড়াবিদ এশিয়ান গেমস থেকে পদক জিততে পারেননি। আইচি-নাগোয়া এশিয়ান গেমসে ২৩ বছর বয়সী জিন্নাত আক্তারের হাত ধরে সেই অপেক্ষার অবসান হলো।

নেত্রকোনার এই ক্রীড়াবিদের ব্রোঞ্জ জয় তাই শুধু একটি পদক নয়, বাংলাদেশের ব্যক্তিগত ইভেন্টের ক্রীড়াঙ্গনে দীর্ঘদিনের আক্ষেপ ঘোচানোরও একটি উল্লেখযোগ্য অধ্যায়।