কবি নজরুল কলেজের সামনে পরপর দুই ককটেল বিস্ফোরণ, আহত ২
রাজধানীর পুরান ঢাকার কবি নজরুল সরকারি কলেজের মূল ফটকের সামনে পরপর দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে কলেজের এক শিক্ষার্থী ও এক কর্মচারী আহত হয়েছেন। এ ঘটনায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে দুজনকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানা গেছে।
রোববার (২৩ নভেম্বর) সন্ধ্যায় কলেজের প্রধান ফটকের সামনে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন—কলেজের ইতিহাস বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী রিমন আলী এবং কলেজের মালি জাহাঙ্গীর।
প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ইশরাক হোসেনের নেতৃত্বে একটি মিছিল যাওয়ার কথা থাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সড়ক ফাঁকা রাখার উদ্যোগ নেন। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সামনে দিয়ে মিছিলটি অতিক্রম করার কয়েক মিনিট পর কবি নজরুল সরকারি কলেজের মূল ফটকের সামনে প্রথম ককটেল বিস্ফোরণ ঘটে।
কলেজ শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক নোমান বলেন, বিস্ফোরণের সময় তিনি বন্ধুদের সঙ্গে কলেজের কাছেই কথা বলছিলেন। এ সময় কলেজের এক কর্মচারীসহ আরও একজন মূল ফটকের সামনে আসেন। হঠাৎ সেখানে একটি বিস্ফোরণের শব্দ হয়। প্রথমে তারা এটিকে গাড়ির চাকা ফেটে যাওয়ার শব্দ বলে মনে করেছিলেন।
এর কিছুক্ষণ পর দ্বিতীয় বিস্ফোরণ ঘটলে বিষয়টি স্পষ্ট হয় বলে জানান তিনি। পরে তারা জানতে পারেন, বিস্ফোরণে কলেজের একজন শিক্ষার্থী ও একজন কর্মচারী আহত হয়েছেন।
ঘটনার বিষয়ে সূত্রাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিউর রহমান বলেন, ঘটনার বিষয়ে বিস্তারিত তথ্য সংগ্রহ করা হচ্ছে। ঘটনাস্থল ও আশপাশের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে।
তিনি আরও জানান, ঘটনাস্থল থেকে দুজনকে আটক করা হয়েছে। বিষয়টি তদন্ত করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।