ঢামেকে আটতলা থেকে লাফ, চিকিৎসাধীন তরুণীর মৃত্যু
নিজস্ব প্রতিবেদক:
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের নতুন ভবনের আটতলা থেকে
লাফিয়ে পড়ে চিকিৎসাধীন এক তরুণীর মৃত্যু হয়েছে। শুক্রবার (৩১ জুলাই) ভোরে এ
মর্মান্তিক ঘটনা ঘটে। পরে স্বজনরা তাকে উদ্ধার করে হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে
গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহত মোছা. রিমা (২০) পাবনা সদর উপজেলার বাধুর ডাঙ্গি এলাকার
লতিফ মল্লিকের মেয়ে।
পরিবারের সদস্যদের বরাতে জানা যায়, রিমা ঢামেক হাসপাতালের
নতুন ভবনের ৮০২ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন ছিলেন। শুক্রবার ভোর আনুমানিক সোয়া ৫টার
দিকে তিনি ভবনের আটতলা থেকে নিচে লাফ দেন। গুরুতর আহত অবস্থায় তাকে দ্রুত
হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলেও সকাল ৬টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের বাবা লতিফ মল্লিক জানান, তার মেয়ে দীর্ঘদিন ধরে মানসিক
সমস্যায় ভুগছিলেন এবং এ কারণে চিকিৎসা নিচ্ছিলেন। ঘটনার সময় কীভাবে তিনি ভবনের
বাইরে যেতে সক্ষম হন, তা তারা বুঝে উঠতে পারেননি।
ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ঘটনার বিষয়ে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলছে।