বসুন্ধরার বাসা থেকে অভিনেত্রী রিধিকা রিধির মরদেহ উদ্ধার

 প্রকাশ: ১৬ অগাস্ট ২০২৬, ১০:৪৭ পূর্বাহ্ন   |   মহানগর

বসুন্ধরার বাসা থেকে অভিনেত্রী রিধিকা রিধির মরদেহ উদ্ধার

মিল্টন মাহমুদ :

রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার একটি বাসা থেকে অভিনেত্রী ও মডেল রিধিকা রিধির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১৫ আগস্ট) সকাল ৬টার দিকে তাকে উদ্ধার করে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন।

ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশের প্রাথমিক ধারণা, রিধি আত্মহত্যা করে থাকতে পারেন। তবে তার মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হতে তদন্ত চলছে। পরিবারের অভিযোগের ভিত্তিতে আইনি প্রক্রিয়াও শুরু করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

ওসি মাজহারুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ বসুন্ধরা আবাসিক এলাকার ওই বাসায় গিয়ে রিধিকে উদ্ধার করে হাসপাতালে নেয়। সেখানে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন। বর্তমানে তার মা ও পরিবারের সদস্যরা থানায় রয়েছেন।

পুলিশের ভাষ্য অনুযায়ী, একজনের সঙ্গে রিধির প্রেমের সম্পর্ক ছিল। মৃত্যুর আগে ভোরে ওই ব্যক্তির সঙ্গে ভিডিও কলে কথা-কাটাকাটি হয় বলে পরিবারের কাছ থেকে তথ্য পেয়েছে পুলিশ। একপর্যায়ে ভিডিও কলে থাকা অবস্থাতেই রিধি আত্মহত্যা করেন বলে পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে।

ঘটনাটি তদন্তের পাশাপাশি মৃত্যুর আগে রিধির সঙ্গে ওই ব্যক্তির কী ধরনের কথাবার্তা হয়েছিল এবং তাদের সম্পর্কের বিষয়টিও খতিয়ে দেখছে পুলিশ।

মডেলিংয়ের মাধ্যমে শোবিজে পরিচিতি পাওয়া রিধিকা রিধি পরবর্তী সময়ে অভিনয়ে নিয়মিত হন। কয়েকটি নাটকে অভিনয় করে দর্শকদের নজরে আসেন তিনি। তার অভিনীত নাটকের মধ্যে ‘এখানে মানুষ বিক্রি হয়’, ‘বহুরূপী’, ‘ডাবল হানিমুন’ ও ‘সুন্দরী’ উল্লেখযোগ্য।

মডেলিংয়ের পাশাপাশি অভিনয়েও নিজের অবস্থান শক্ত করার চেষ্টা করছিলেন এই অভিনেত্রী।

Advertisement
Advertisement
Advertisement