দ্বিপাক্ষিক বৈঠকে অংশগ্রহণ করতে বিপিজেএর ১২ সদস্য প্রতিনিধি দলের আজ নেপাল গমন

 প্রকাশ: ১৫ অগাস্ট ২০২৬, ১০:৫৮ অপরাহ্ন   |   মহানগর

দ্বিপাক্ষিক বৈঠকে অংশগ্রহণ করতে বিপিজেএর ১২ সদস্য প্রতিনিধি দলের  আজ নেপাল   গমন

ঢাকা, ১৫ আগস্ট ২০২৬:

বাংলাদেশ ও নেপালের ফটো সাংবাদিকদের মধ্যে পেশাগত যোগাযোগ, অভিজ্ঞতা বিনিময় এবং পারস্পরিক সহযোগিতা আরও জোরদারের লক্ষ্যে বাংলাদেশ ফটো জার্নালিস্টস অ্যাসোসিয়েশন (বিপিজেএ)-এর ১২ সদস্যের একটি প্রতিনিধিদল নেপালের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছে।

ন্যাশনাল ফোরাম অব ফটো জার্নালিস্টস (এনএফপিজে), নেপালের আমন্ত্রণে এবং দ্বিপাক্ষিক এক্সচেঞ্জ প্রোগ্রামের অংশ হিসেবে শনিবার (১৫ আগস্ট) প্রতিনিধিদলটি নেপালের উদ্দেশ্যে যাত্রা করে। বিপিজেএর সভাপতি এ কে এম মহসীনের নেতৃত্বে দলটি নেপালে অনুষ্ঠিতব্য বিশ্ব আলোকচিত্র দিবস-২০২৬ উপলক্ষে আয়োজিত বিভিন্ন কর্মসূচিতে অংশ নেবে।

সফরকালে প্রতিনিধিদলটি ‘নেপাল-বাংলাদেশ আলোকচিত্র সাংবাদিক সৌহার্দ্য মিলনমেলা’ ও দ্বিপাক্ষিক সম্মেলনে অংশগ্রহণ করবে। একই সঙ্গে ‘বিউটিফুল বাংলাদেশ’ শীর্ষক আলোকচিত্র প্রদর্শনীসহ বিশ্ব আলোকচিত্র দিবসের অন্যান্য আয়োজনে অংশ নেওয়ার কথা রয়েছে।

ঢাকা ত্যাগের আগে শনিবার সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে উপস্থিত হয়ে সফরকারী প্রতিনিধিদলের সদস্যদের শুভকামনা জানান বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিকেএমইএ) সভাপতি এবং বাংলাদেশ ফটো জার্নালিস্টস অ্যাসোসিয়েশনের উপদেষ্টা।

বিপিজেএ নেতৃবৃন্দ জানান, এ সফরের মাধ্যমে দুই দেশের আলোকচিত্র সাংবাদিকদের মধ্যে পেশাগত সম্পর্ক আরও বিস্তৃত হবে। পাশাপাশি আন্তর্জাতিক পর্যায়ে কাজের অভিজ্ঞতা বিনিময়, আধুনিক আলোকচিত্র সাংবাদিকতার বিভিন্ন দিক সম্পর্কে ধারণা অর্জন এবং ভবিষ্যতে যৌথভাবে বিভিন্ন কর্মসূচি পরিচালনার সুযোগ তৈরি হবে।

তারা আরও আশা প্রকাশ করেন, নেপালের এ সফর বাংলাদেশের ফটো সাংবাদিকদের পেশাগত দক্ষতা ও আন্তর্জাতিক যোগাযোগ বৃদ্ধিতে ইতিবাচক ভূমিকা রাখবে। একই সঙ্গে বাংলাদেশ ও নেপালের আলোকচিত্র সাংবাদিকদের মধ্যে বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও গভীর ও সুদৃঢ় হবে।

সফর শেষে আগামী ২০ আগস্ট ২০২৬ তারিখে প্রতিনিধিদলটির দেশে ফেরার কথা রয়েছে।

Advertisement
Advertisement
Advertisement