সংবাদ শিরোনাম

সর্বস্তরের মানুষের শ্রদ্ধায় বিদায় নিলেন অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক

অনলাইন ডেস্ক
০৬ জুলাই ২০২৬, ০১:৩৮ অপরাহ্ন

মহানগর

সর্বস্তরের মানুষের শ্রদ্ধায় বিদায় নিলেন অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক

রিপোর্টার:

দেশের বিশিষ্ট রাজনৈতিক চিন্তাবিদ, শিক্ষাবিদ, গবেষক, লেখক এবং বাংলা একাডেমির সভাপতি অধ্যাপক আবুল কাসেম ফজলুল হককে শেষ শ্রদ্ধা জানাতে সোমবার রাজধানীতে ভিড় করেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। সাহিত্য, সংস্কৃতি, শিক্ষা ও রাজনৈতিক অঙ্গনের প্রতিনিধিরা গভীর শ্রদ্ধা ও ভালোবাসায় তাকে বিদায় জানান।

সোমবার সকাল সাড়ে ১০টার দিকে তার মরদেহ প্রথমে বাংলা একাডেমি প্রাঙ্গণে নেওয়া হয়। সেখানে সংস্কৃতিবিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী শ্রদ্ধা নিবেদন করেন। বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে নিয়ে প্রতিষ্ঠানের পক্ষ থেকে মরহুমের প্রতি শ্রদ্ধা জানান। মৃত্যুর আগ পর্যন্ত অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক বাংলা একাডেমির সভাপতির দায়িত্ব পালন করছিলেন।

পরে বেলা ১১টার দিকে তার মরদেহ কেন্দ্রীয় শহীদ মিনারে নেওয়া হলে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য উন্মুক্ত রাখা হয়। এ সময় বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, সাহিত্যিক ও রাজনৈতিক সংগঠনের প্রতিনিধিরা ফুলেল শ্রদ্ধা নিবেদন করেন এবং তার কর্মময় জীবনের অবদানের কথা স্মরণ করেন।

কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন পর্ব শেষে দুপুর ১২টার দিকে মরদেহ নেওয়া হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলাভবনের পাশে অপরাজেয় বাংলার পাদদেশে। সেখানে বেলা ১টা পর্যন্ত শিক্ষক-শিক্ষার্থী, সহকর্মী, শুভানুধ্যায়ী এবং সাধারণ মানুষ শেষ শ্রদ্ধা জানান। এরপর বাদ জোহর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে তার দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। জানাজা শেষে তাকে মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হবে।

রোববার আকস্মিক হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৬ বছর।

তার প্রয়াণে দেশের শিক্ষা, সাহিত্য ও সংস্কৃতির অঙ্গনে গভীর শোকের আবহ সৃষ্টি হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমান, সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস এবং বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর পৃথক শোকবার্তায় তার মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন।

এ ছাড়া বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি), জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) এবং জাতীয় কবিতা পরিষদসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন অধ্যাপক আবুল কাসেম ফজলুল হকের মৃত্যুতে শোক প্রকাশ করে তার বর্ণাঢ্য কর্মজীবন ও দেশ-সমাজে অবদানের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেছে।