বাড্ডায় গরমে তীব্র পানি সংকট: হাহাকার তুঙ্গে, দুর্ভোগে মানুষ
মোহাম্মদ আর্শাদ হোসেন:
রাজধানীর উত্তর বাড্ডা ও সংলগ্ন এলাকাগুলোতে গরমের শুরুতেই তীব্র পানি সংকট দেখা দিয়েছে। গত কয়েক সপ্তাহ ধরে চলা এই সংকটে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। ঢাকা ওয়াসার সরবরাহকৃত পানি চাহিদার তুলনায় অত্যন্ত সামান্য হওয়ায় এবং অনেক এলাকায় পানি একদমই না পৌঁছানোয় চরম দুর্ভোগে পড়েছেন কয়েক হাজার বাসিন্দা।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, অতিরিক্ত গরমে পানির চাহিদা বেড়ে যাওয়ায়, ঢাকা ওয়াসা যে পরিমাণ পানি সরবরাহ করে, তা এসব এলাকার জন্য মোটেই পর্যাপ্ত না। উত্তর বাড্ডার ,স্বাধীনতা সরণি, আলীর মোড়,সাতারকুল রোড এবং শাহজাদপুর সংলগ্ন এলাকাগুলোতে সংকট সবচেয়ে প্রকট। অনেক বাড়িতে টানা তিন-চার দিন ধরে ওয়াসার লাইনে এক ফোঁটা পানিও পাওয়া যাচ্ছে না।
পানির অভাবে রান্নাবান্না, গোসল ও গৃহস্থালি কাজ প্রায় স্থবির হয়ে পড়েছে। রাস্তার মোড়ে বা যেসব গভীর নলকূপে সামান্য পানি পাওয়া যাচ্ছে, সেখানে ভোর রাত থেকে কলস, বালতি ও ড্রাম নিয়ে লাইনে দাঁড়িয়ে থাকছেন নারী-পুরুষ ও শিশুরা। ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও অনেকে খালি হাতে ফিরছেন। কোনো কোনো ক্ষেত্রে দূর-দূরান্ত থেকে ভ্যান বা রিকশায় করে পানি কিনে এনে চাহিদা মেটাতে হচ্ছে।
এলাকার বাসিন্দা মো. রহমত উল্লাহ জানান, "আমরা নিয়মিত পানির বিল দিচ্ছি, কিন্তু পানি পাচ্ছি না। গরম বাড়লে প্রতি বছরই একই দশা হয়। ওয়াসা কর্তৃপক্ষকে বারবার জানানো হলেও কোনো স্থায়ী সমাধান হচ্ছে না।"
এ বিষয়ে ঢাকা ওয়াসা জোনের কর্মকর্তাদের সাথে যোগাযোগ করা হলে তারা জানান, গরমের কারণে পানির চাহিদা কয়েকগুণ বেড়ে গেছে। কিছু এলাকায় বিদ্যুৎ বিভ্রাট এবং পাম্পের যান্ত্রিক ত্রুটির কারণে পানি সরবরাহে সমস্যা হচ্ছে। নতুন পানির লাইন এবং পাম্প স্থাপনের কাজ প্রক্রিয়াধীন রয়েছে যা দ্রুতই সমস্যার সমাধান করবে বলে তারা আশ্বাস দেন।
তবে কর্তৃপক্ষের আশ্বাসে সন্তুষ্ট নন ভুক্তভোগীরা। তাদের দাবি,তীব্র গরমে এই সংকট নিরসনে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হোক।