সংবাদ শিরোনাম

দুর্যোগ মোকাবিলায় সকলের সম্মিলিত উদ্যোগ জরুরি: হেলাল এমপি

 প্রকাশ: ০৭ অগাস্ট ২০২৬, ০২:৫২ অপরাহ্ন   |   খুলনা

দুর্যোগ মোকাবিলায় সকলের সম্মিলিত উদ্যোগ জরুরি:  হেলাল এমপি

খুলনা ব্যুরো :

দুর্যোগ মোকাবিলায় সরকারের পাশাপাশি সমাজের সব শ্রেণি-পেশার মানুষের সম্মিলিত উদ্যোগ জরুরি বলে মন্তব্য করেছেন খুলনা-৪ আসনের সংসদ সদস্য এস কে আজিজুল বারী হেলাল। তিনি বলেন, মানুষের দুঃসময়ে পাশে দাঁড়ানোই মানবতার সর্বোচ্চ পরিচয়। পারস্পরিক সহযোগিতা ও মানবিকতাই দুর্যোগ মোকাবিলায় একটি জাতির স্থায়ী শক্তি।

বৃহস্পতিবার বিকেলে খুলনার তেরখাদা উপজেলায় প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত, দুস্থ ও অসহায় পরিবারের মধ্যে মানবিক সহায়তার নগদ অর্থ বিতরণ এবং বৃক্ষরোপণ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের বরাদ্দে এ মানবিক সহায়তা কর্মসূচির আয়োজন করা হয়।

আজিজুল বারী হেলাল বলেন, প্রাকৃতিক দুর্যোগ বাংলাদেশের নিয়মিত বাস্তবতা। এ বাস্তবতায় দুর্যোগ মোকাবিলায় সরকারি উদ্যোগের পাশাপাশি মানুষের সচেতনতা ও অংশগ্রহণ সমান গুরুত্বপূর্ণ। একটি দুর্যোগ হয়তো সাময়িক; কিন্তু মানুষের পাশে দাঁড়ানোর মানসিকতা ও সামাজিক সহযোগিতা দীর্ঘমেয়াদে একটি শক্তিশালী সমাজ গড়ে তোলে।

তিনি বলেন, দুর্যোগ সহনশীল, সবুজ ও মানবিক বাংলাদেশ গড়তে শুধু আর্থিক সহায়তা যথেষ্ট নয়। এর সঙ্গে প্রয়োজন মানবিক দায়বদ্ধতা এবং পরিবেশের প্রতি দায়িত্বশীলতা। বৃক্ষরোপণের মাধ্যমে প্রকৃতিকে রক্ষা করার পাশাপাশি ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ পরিবেশ নিশ্চিত করা সম্ভব।

সংসদ সদস্য বলেন, ‘আজ যে গাছটি আমরা রোপণ করছি, তার ছায়া ও সুফল আগামী প্রজন্ম ভোগ করবে। প্রকৃতিকে রক্ষা করলে প্রকৃতিও আমাদের রক্ষা করবে।’

তিনি আরও বলেন, সবুজ বাংলাদেশ গড়তে প্রতিটি নাগরিকের হাতে একটি করে গাছ এবং মনে পরিবেশের প্রতি দায়িত্ববোধ থাকা প্রয়োজন। বৃক্ষরোপণ কেবল পরিবেশ রক্ষার কর্মসূচি নয়, এটি ভবিষ্যৎ প্রজন্মের প্রতি আমাদের দায়বদ্ধতারও প্রকাশ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তেরখাদা উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ তাহমিনা সুলতানা নীলা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা বিএনপির দপ্তরের দায়িত্বে থাকা আবুল হোসেন বাবু মোল্লা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা জেলা বিএনপির সদস্যসচিব ও জেলা পরিষদের প্রশাসক এস এম মনিরুল হাসান বাপ্পী, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক খান জুলফিকার আলী জুলু ও এনামুল হক সজল এবং জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আতাউর রহমান রুনুসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারা।

এ ছাড়া উপজেলা কৃষি কর্মকর্তা মো. মেহেদী হাসান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মুজাহিদুল ইসলাম এবং তেরখাদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শহীদুল্লাহ বক্তব্য দেন।

অনুষ্ঠানে উপজেলা বিএনপির আহ্বায়ক চৌধুরী কাওছার আলী, সাবেক আহ্বায়ক চৌধুরী ফখরুল ইসলাম বুলু, সাবেক সদস্যসচিব এফ এম হাবিবুর রহমানসহ উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Advertisement
Advertisement
Advertisement