হরমুজ নিয়ে পিছু হটবে না ইরান

 প্রকাশ: ১০ অগাস্ট ২০২৬, ১১:১৮ পূর্বাহ্ন   |   আন্তর্জাতিক

হরমুজ নিয়ে পিছু হটবে না ইরান

আন্তর্জাতিক ডেস্ক:

ইরানের এক্সপেডিয়েন্সি কাউন্সিলের চেয়ারম্যান আয়াতুল্লাহ সাদেক আমোলি লারিজানি বলেছেন, যুদ্ধের আগে হরমুজ প্রণালিতে যে পরিস্থিতি ছিল, সেখানে আর ফিরে যাবে না ইরান। যেকোনো মূল্যেই এই অবস্থান ধরে রাখার কথা জানিয়েছেন তিনি।

রোববার এক্সপেডিয়েন্সি কাউন্সিলের বৈঠকের শুরুতে বক্তব্য দেওয়ার সময় লারিজানি বলেন, হরমুজ প্রণালির ওপর ইরানের সার্বভৌমত্ব রয়েছে এবং দেশটির সশস্ত্র বাহিনী ও জনগণ এই গুরুত্বপূর্ণ জলপথে অবস্থান করছে।

তিনি দাবি করেন, ইরানের সরকার উৎখাত, দেশকে বিভক্ত করা এবং দেশটির সশস্ত্র বাহিনী, ক্ষেপণাস্ত্র সক্ষমতা ও পারমাণবিক প্রযুক্তি ধ্বংস করার লক্ষ্য নিয়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যে অভিযান চালিয়েছে, তা ব্যর্থ হয়েছে।

লারিজানি বলেন, ‘ইরানের জনগণ ও সশস্ত্র বাহিনী হরমুজ প্রণালিতে অবস্থান করছে। এই জলপথের ওপর সার্বভৌমত্ব ইসলামি প্রজাতন্ত্রের। আমরা কোনো মূল্যেই পিছু হটব না।’

তিনি আরও বলেন, হরমুজ প্রণালি যুদ্ধের আগের অবস্থায় ফিরবে না।

ইরানের এই শীর্ষ কর্মকর্তা জানান, যদি হরমুজ প্রণালিতে অবাধ নৌ চলাচল নিশ্চিত করতে হয়, তাহলে সংশ্লিষ্ট পক্ষগুলোকে সমঝোতা স্মারকে নির্ধারিত শর্ত মেনে চলতে হবে।

বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহনপথ হরমুজ প্রণালি নিয়ে ইরানের এমন অবস্থান উপসাগরীয় অঞ্চলে উত্তেজনা আরও বাড়ার আশঙ্কা তৈরি করেছে।

Advertisement
Advertisement
Advertisement