হাওয়াই প্রাইমারিতে প্রগতিশীলদের হারালেন বর্তমানরা
আন্তর্জাতিক ডেস্ক:
যুক্তরাষ্ট্রের হাওয়াই অঙ্গরাজ্যের প্রাইমারি নির্বাচনে প্রগতিশীল ডেমোক্র্যাটদের চ্যালেঞ্জ মোকাবিলা করে জয় পেয়েছেন বর্তমান জনপ্রতিনিধিরা। এর মধ্য দিয়ে দলটির মধ্যপন্থী পুরোনো নেতাদের সঙ্গে অপেক্ষাকৃত তরুণ ও উদারপন্থী প্রার্থীদের চলমান রাজনৈতিক দ্বন্দ্ব আবারও সামনে এসেছে।
হাওয়াইয়ের প্রতিনিধি পরিষদ সদস্য এড কেইস প্রাইমারিতে প্রগতিশীল ডেমোক্র্যাট প্রার্থী ও রাজ্য সিনেটর জ্যারেট কেওহোকালোলেকে হারিয়েছেন। শনিবার রাতে প্রকাশিত নির্বাচনী ফলাফলে দেখা যায়, কেইস পেয়েছেন ৫৭ শতাংশ ভোট। কেওহোকালোলে পেয়েছেন ৩৪ শতাংশ।
এই জয়ের ফলে নভেম্বরে সাধারণ নির্বাচনে রিপাবলিকান প্রার্থী অ্যাড্রিয়েল লামের মুখোমুখি হবেন কেইস।
৭৩ বছর বয়সী কেইসকে সাধারণভাবে মধ্যপন্থী ডেমোক্র্যাট হিসেবে দেখা হয়। ২০১৯ সাল থেকে তিনি হাওয়াইয়ের আসনটির প্রতিনিধিত্ব করছেন। এর আগে ২০০২ থেকে ২০০৭ সাল পর্যন্তও তিনি প্রতিনিধি পরিষদের সদস্য ছিলেন।
কেইসের সর্বশেষ জয় মার্কিন ডেমোক্রেটিক পার্টির ভেতরে চলমান একটি বৃহত্তর রাজনৈতিক দ্বন্দ্বেরই আরেকটি উদাহরণ। দীর্ঘদিনের অভিজ্ঞ রাজনীতিকদের সঙ্গে তরুণ ও অধিকতর প্রগতিশীল প্রার্থীদের প্রতিদ্বন্দ্বিতা এখন দলের বিভিন্ন নির্বাচনী এলাকায় দেখা যাচ্ছে।
ট্রাম্পের ভোটাধিকার আইন নিয়ে বিতর্ক
রিপাবলিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমর্থিত ‘সেফগার্ড আমেরিকান ভোটার এলিজিবিলিটি’ বা ‘সেভ’ আইনের পক্ষে ভোট দেওয়ায় কেইসের সমালোচনা করেছিলেন প্রগতিশীল ডেমোক্র্যাটরা।
সমালোচকদের দাবি, আইনটি যুক্তরাষ্ট্রে ভোট দেওয়ার অধিকারকে দুর্বল করতে পারে।
কেওহোকালোলে নির্বাচনী প্রচারে কেইসের বিরুদ্ধে করপোরেট প্রতিষ্ঠানের কাছ থেকে প্রচারণার জন্য অর্থ নেওয়ার অভিযোগ সামনে আনেন। তাঁর দাবি ছিল, এসব অনুদানের কারণে কেইস সাধারণ ভোটারদের কাছ থেকে ক্রমেই দূরে সরে যাচ্ছেন।
হাওয়াইয়ের রাজধানী হনোলুলুভিত্তিক এই আসনটি ডেমোক্র্যাটদের জন্য নিরাপদ হিসেবে বিবেচিত হয়। কেইস ছাড়াও আরও তিনজন প্রার্থী আসনটির জন্য প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন।
কংগ্রেসের একটি গুরুত্বপূর্ণ ব্যয়সংক্রান্ত কমিটির জ্যেষ্ঠ সদস্য কেইস নির্বাচনী প্রচারে যুক্তি দিয়েছিলেন, তিনি পুনর্নির্বাচিত না হলে হাওয়াইয়ের জন্য গুরুত্বপূর্ণ কেন্দ্রীয় সরকারের অর্থায়ন কমে যেতে পারে।
অন্য আসনেও বর্তমানদের জয়
কেইসের জয় এমন এক সময়ে এলো, যখন কলোরাডো, কেনটাকি ও নিউইয়র্কসহ কয়েকটি অঙ্গরাজ্যে সাম্প্রতিক প্রাইমারি নির্বাচনে বামপন্থী ও প্রগতিশীল প্রার্থীদের সাফল্য দেখা গেছে।
হাওয়াইয়ের অন্য কংগ্রেশনাল আসনে প্রতিনিধি জিল তোকুদা সহজেই ডেমোক্র্যাটিক প্রাইমারি জিতেছেন। তিনি পেয়েছেন ৮৪ শতাংশ ভোট।
হাওয়াইয়ের গভর্নর জশ গ্রিনও ডেমোক্র্যাটিক দলের মনোনয়ন পাওয়ার লড়াইয়ে একাধিক প্রতিদ্বন্দ্বীকে হারিয়েছেন। ২০২২ সাল থেকে তিনি অঙ্গরাজ্যটির গভর্নরের দায়িত্ব পালন করছেন।
সূত্র:আলজাজিরা