যুবদল নেতার বাড়িতে রাতের আঁধারে গুলি, এলাকায় আতঙ্ক
খুলনা ব্যুরো :
খুলনার বটিয়াঘাটা উপজেলা যুবদলের সদস্যসচিব বাহাদুর মুন্সির বাড়িতে গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। শুক্রবার (৭ আগস্ট) দিবাগত রাত দুইটার দিকে উপজেলার তেতুলতলা গ্রামে এ ঘটনা ঘটে। দুর্বৃত্তদের ছোড়া দুটি গুলি বাড়ির জানালা ও দরজায় লাগে। তবে এতে কেউ আহত হননি।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, রাত দুইটার দিকে তিনটি মোটরসাইকেলে ছয়জন ব্যক্তি বাহাদুর মুন্সির বাড়ির সামনে আসে। তাঁদের মধ্যে তিনজন বাড়ির ভেতরে ঢুকে পরপর দুই রাউন্ড গুলি ছোড়ে। একটি গুলি ঘরের জানালায় এবং অন্যটি দরজায় লাগে।
গুলির শব্দে বাহাদুর মুন্সির মা এবং পাশের ঘরে থাকা তাঁর ছোট ভাইয়ের স্ত্রী চিৎকার করে জানতে চান, ‘কারা কারা?’ এ সময় গুলি ছোড়া ব্যক্তিরা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরিবারের সদস্যদের দাবি, তারা গ্রামের নিচপাড়া দিয়ে পালিয়ে যায়।
বটিয়াঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মারুফ হোসেন বলেন, যুবদল নেতা বাহাদুর মুন্সির বাড়ি লক্ষ্য করে কারা গুলি ছুড়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে। দুর্বৃত্তরা দুই থেকে তিন রাউন্ড গুলি ছুড়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। ঘটনায় কেউ আহত হননি।
পুলিশ জানিয়েছে, হামলার কারণ ও জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে তদন্ত চলছে। রাতের আঁধারে বাড়িতে গুলিবর্ষণের ঘটনায় এলাকায় আতঙ্ক দেখা দিয়েছে।