সংবাদ শিরোনাম

লুলা–মাইলেই সংঘাত: ব্রাজিল–আর্জেন্টিনা সম্পর্কে নতুন কূটনৈতিক সংকট

 প্রকাশ: ০৮ অগাস্ট ২০২৬, ০৬:৪৭ অপরাহ্ন   |   খেলাধুলা

লুলা–মাইলেই সংঘাত: ব্রাজিল–আর্জেন্টিনা সম্পর্কে নতুন কূটনৈতিক সংকট

শাহনুর রুমেন | সাও পাওলো (ব্রাজিল)

ব্রাজিল ও আর্জেন্টিনার সম্পর্কে নতুন করে কূটনৈতিক উত্তেজনা দেখা দিয়েছে। আর্জেন্টিনার প্রেসিডেন্ট জাভিয়ের মাইলেইয়ের ধারাবাহিক মন্তব্য ও ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভার বিরুদ্ধে ব্যক্তিগত আক্রমণের জেরে দুই দেশের কূটনৈতিক সম্পর্কের স্তর কমিয়ে দিয়েছে ব্রাজিল।

৫ আগস্ট ব্রাজিল সরকার জানায়, আর্জেন্টিনার সঙ্গে কূটনৈতিক সম্পর্ক এখন রাষ্ট্রদূত পর্যায়ের পরিবর্তে ‘চার্জ দ্য অ্যাফেয়ার্স’ পর্যায়ে পরিচালিত হবে। এর ফলে বুয়েনস আয়ার্সে নিযুক্ত ব্রাজিলের রাষ্ট্রদূত জুলিও বিটেল্লি আর সেখানে ফিরছেন না।

মাইলেই বিভিন্ন সময় লুলার বিরুদ্ধে কঠোর ভাষায় মন্তব্য করেছেন। সর্বশেষ এক সাক্ষাৎকারে তিনি ব্রাজিলের প্রেসিডেন্টকে দুর্নীতি ও অপরাধের সঙ্গে জড়িয়ে কটাক্ষ করেন। এসব মন্তব্যকে কেন্দ্র করেই ব্রাজিল কূটনৈতিকভাবে সম্পর্কের স্তর কমানোর সিদ্ধান্ত নেয়।

ব্রাজিলের এই সিদ্ধান্তের পর আর্জেন্টিনা জানিয়েছে, তারা পাল্টা কূটনৈতিক পদক্ষেপ নেওয়ার পরিকল্পনা করছে না। তবে দুই দেশের রাষ্ট্রদূত পর্যায়ের যোগাযোগ কমে যাওয়ায় দ্বিপক্ষীয় সম্পর্কে নতুন অনিশ্চয়তা তৈরি হয়েছে।

দক্ষিণ আমেরিকার দুই বৃহৎ অর্থনীতি ব্রাজিল ও আর্জেন্টিনা আঞ্চলিক বাণিজ্য জোট Mercosur-এর গুরুত্বপূর্ণ সদস্য। ফলে দুই দেশের রাজনৈতিক সম্পর্কের অবনতি আঞ্চলিক বাণিজ্য ও সহযোগিতার ওপরও প্রভাব ফেলতে পারে।


এরই মধ্যে ২৫ জুলাই সাও পাওলোতে ব্রাজিলের ডানপন্থী দল লিবারেল পার্টির এক অনুষ্ঠানে অংশ নিয়ে মাইলেই দেশটির প্রেসিডেন্ট নির্বাচনে ফ্লাভিও বলসোনারোর প্রতি সমর্থন জানান। ঘটনাটি লুলা ও মাইলেইয়ের রাজনৈতিক দূরত্বকে আরও স্পষ্ট করেছে।

বিশ্লেষকদের মতে, লুলা ও মাইলেইয়ের রাজনৈতিক মতাদর্শের পার্থক্য এবং ব্যক্তিগত বিরোধ এখন দুই দেশের কূটনৈতিক সম্পর্কেও প্রভাব ফেলছে। আগামী দিনে এই উত্তেজনা কোন দিকে যায়, সেটিই এখন দক্ষিণ আমেরিকার রাজনীতিতে গুরুত্বপূর্ণ প্রশ্ন।

Advertisement
Advertisement
Advertisement