মাত্র ৩৪ বছরেই না ফেরার দেশে ব্রাজিলিয়ান UFC ফাইটার অ্যালান নাসিমেন্তো
শাহনুর রুমেন | সাও পাওলো (ব্রাজিল):
ব্রাজিলিয়ান মিক্সড মার্শাল আর্টস (এমএমএ) অঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া। মাত্র ৩৪ বছর বয়সে মারা গেছেন UFC-এর ফ্লাইওয়েট বিভাগের পরিচিত যোদ্ধা অ্যালান ‘পুরো ওসো’ নাসিমেন্তো। তার আকস্মিক মৃত্যুতে শোক প্রকাশ করেছেন সতীর্থ, কোচ এবং বিশ্বের বিভিন্ন প্রান্তের এমএমএ ভক্তরা।
আন্তর্জাতিক গণমাধ্যমের তথ্য অনুযায়ী, সোমবার (৩ আগস্ট) সকালে নিজ বাড়িতে ঘুমন্ত অবস্থায় অ্যালান নাসিমেন্তো অসুস্থ হয়ে পড়েন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি হৃদ্রোগে (হার্ট অ্যাটাক) আক্রান্ত হয়েছিলেন। জরুরি চিকিৎসাসেবা পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়। তবে মৃত্যুর সুনির্দিষ্ট কারণ নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আনুষ্ঠানিক চিকিৎসা প্রতিবেদন এখনও প্রকাশিত হয়নি।
২০১১ সালে পেশাদার এমএমএ ক্যারিয়ার শুরু করেন অ্যালান নাসিমেন্তো। নিজের অসাধারণ গ্র্যাপলিং দক্ষতা ও সাবমিশন কৌশলের মাধ্যমে দ্রুতই তিনি পরিচিতি লাভ করেন। ২০২১ সালে বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ এমএমএ সংস্থা UFC-তে যোগ দেন এবং ফ্লাইওয়েট বিভাগে একাধিক স্মরণীয় লড়াই উপহার দেন।
তার পেশাদার ক্যারিয়ারে তিনি ২২টি জয় এবং ৭টি পরাজয় নিয়ে বিদায় নিলেন। জয়ের মধ্যে অধিকাংশই এসেছে সাবমিশনের মাধ্যমে, যা তাকে ব্রাজিলের অন্যতম দক্ষ গ্র্যাপলার হিসেবে পরিচিতি এনে দেয়।
অ্যালান নাসিমেন্তো দীর্ঘদিন ব্রাজিলের বিখ্যাত Chute Boxe Diego Lima দলে অনুশীলন করেছেন। তার মৃত্যুর পর দলটির পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করা হয়েছে। সাবেক UFC চ্যাম্পিয়ন চার্লস অলিভেইরাসহ অনেক তারকা সামাজিক যোগাযোগমাধ্যমে শোকবার্তা দিয়ে তাকে একজন নিবেদিতপ্রাণ যোদ্ধা ও অসাধারণ মানুষ হিসেবে স্মরণ করেছেন।
অ্যালান নাসিমেন্তোর অকাল প্রয়াণ শুধু ব্রাজিল নয়, পুরো আন্তর্জাতিক এমএমএ অঙ্গনের জন্যই এক অপূরণীয় ক্ষতি। অক্টাগনের ভেতরে তার সাহসী লড়াই এবং বাইরে বিনয়ী ব্যক্তিত্ব দীর্ঘদিন ভক্তদের মনে স্মরণীয় হয়ে থাকবে।