খুকৃবিতে নানা আয়োজনের মধ্য দিয়ে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন
খুলনা ব্যুরো :
খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ে (খুকৃবি) যথাযোগ্য মর্যাদা ও দিনব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত হয়েছে। জাতীয় পতাকা উত্তোলন, পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা, দোয়া মাহফিল, সাংস্কৃতিক ও শিক্ষামূলক প্রতিযোগিতা, বৃক্ষরোপণ এবং শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে মতবিনিময়সহ বিভিন্ন আয়োজনের মাধ্যমে দিবসটি উদযাপন করা হয়।
বুধবার (৫ আগস্ট) সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী ক্যাম্পাস-১-এ জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে কর্মসূচির সূচনা হয়। পরে রচনা, কবিতা আবৃত্তি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সকাল ১০টায় জুলাই স্মৃতি স্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে গণঅভ্যুত্থানে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়।
দুপুরে ক্যাম্পাসসংলগ্ন মসজিদ ও এতিমখানায় শহীদদের রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া মাহফিল এবং মন্দিরে বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়।
বিকেলে বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপাচার্য প্রফেসর ড. মো. আসাদুজ্জামান সরকার। এ সময় ট্রেজারার প্রফেসর ড. শামীম আহামেদ কামাল উদ্দিন খান, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার রেজাউল ইসলাম, জুলাই গণঅভ্যুত্থানে চোখ হারানো যোদ্ধা হাসিব রহমান অভিকসহ শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় উপাচার্য বলেন, জুলাইয়ের শহীদদের আত্মত্যাগ জাতির ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। তাদের রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতা, গণতন্ত্র ও মতপ্রকাশের অধিকার রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। বক্তব্যের একপর্যায়ে শহীদদের স্মরণ করতে গিয়ে তিনি আবেগাপ্লুত হয়ে পড়েন।
দোয়া মাহফিলে তিনি বলেন, তরুণ প্রজন্মের আত্মত্যাগের মধ্য দিয়েই ফ্যাসিস্ট স্বৈরাচারের পতন ঘটেছে এবং দেশের মানুষ স্বাধীনভাবে কথা বলার অধিকার অর্জন করেছে। তিনি শহীদদের রুহের মাগফিরাত ও আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন।
দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে বিকেলে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। পরে ক্যাম্পাস প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়। সন্ধ্যায় জুলাই শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়ের মাধ্যমে দিবসের কর্মসূচি শেষ হয়।