রূপসা নতুন বাজারকে আধুনিক বাণিজ্যিক কমপ্লেক্সে রূপ দিতে প্রকল্প নেবে কেডিএ
মাসুদ আল হাসান, খুলনা :
রূপসা নতুন বাজারকে আধুনিক, পরিচ্ছন্ন ও ব্যবসাবান্ধব বাণিজ্যিক কেন্দ্রে রূপ দিতে বহুমাত্রিক পরিকল্পনা হাতে নেওয়ার কথা জানিয়েছে খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ (কেডিএ)। বাজারের পরিবেশ উন্নয়ন এবং ক্রেতা-বিক্রেতাদের জন্য উন্নত সুযোগ-সুবিধা নিশ্চিত করতে বহুতল কমপ্লেক্স নির্মাণের পরিকল্পনাও রয়েছে বলে জানিয়েছে সংস্থাটি।
রোববার (২ আগস্ট) বেলা সাড়ে ১১টায় কেডিএর সম্মেলন কক্ষে রূপসা নতুন বাজার দোকান মালিক অ্যাসোসিয়েশন, খুলনা চিংড়ি বণিক সমিতি এবং অন্যান্য ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন কেডিএ চেয়ারম্যান অ্যাডভোকেট এস এম শফিকুল আলম মনা।
তিনি বলেন, রূপসা নতুন বাজার শুধু খুলনা শহরের একটি গুরুত্বপূর্ণ বাণিজ্যিক এলাকা নয়, এটি এ অঞ্চলের অর্থনীতির সম্ভাবনাময় প্রাণকেন্দ্র। প্রতিদিন বিপুলসংখ্যক মানুষ এখান থেকে নিত্যপ্রয়োজনীয় পণ্য সংগ্রহ করেন। তাই ব্যবসার অনুকূল পরিবেশ বজায় রাখা, বাজারকে আরও গতিশীল করা এবং নিরাপদ অবকাঠামো গড়ে তুলতে কেডিএ পরিকল্পিতভাবে কাজ করছে।
কেডিএ চেয়ারম্যান জানান, বাজারের অভ্যন্তরীণ পরিবেশ উন্নয়ন এবং ক্রেতা-বিক্রেতাদের কাছে আরও আকর্ষণীয় করে তুলতে একটি আধুনিক বহুতল কমপ্লেক্স নির্মাণের লক্ষ্যে শিগগিরই সুনির্দিষ্ট প্রকল্প গ্রহণ করা হবে।
তিনি আরও বলেন, নগরীর সৌন্দর্য রক্ষা এবং জনভোগান্তি কমাতে অবৈধ দখল ও স্থাপনার বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হবে। ফুটপাত, কেডিএর জমি বা অন্যের জায়গা অবৈধভাবে দখল করে ব্যবসা পরিচালনা থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্টদের আহ্বান জানান তিনি।
সভায় কেডিএর সদস্য (এস্টেট) মো. ইকবাল হোসেন, সদস্য (উন্নয়ন) রুহুল আমিন কুতুবুদ্দিন আহমাদ, প্রধান প্রকৌশলী (চলতি দায়িত্ব) কাজী সাবিরুল আলম, পরিচালক (এস্টেট) ড. জাকিয়া সুলতানা, সিনিয়র বৈষয়িক কর্মকর্তা মো. আব্দুল্লাহ কবি সাদ, পরিকল্পনা কর্মকর্তা মো. তানভীর আহমেদ, উপ-পরিচালক (প্রশাসন) মো. ইজাদুর রহমান, রূপসা নতুন বাজার দোকান মালিক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক এস এম নুরুল আলম দীপু, খুলনা চিংড়ি বণিক সমিতির সভাপতি এস এম নুরুজ্জামান বিপ্লব, সাধারণ সম্পাদক মো. ওয়াহিদুজ্জামান মঞ্জিরসহ ব্যবসায়ী নেতারা উপস্থিত ছিলেন।