সংবাদ শিরোনাম

কুয়েটে নানা আয়োজনে জুলাই অভ্যুত্থান দিবস পালন

 প্রকাশ: ০৫ অগাস্ট ২০২৬, ১১:১৬ অপরাহ্ন   |   খুলনা

কুয়েটে নানা আয়োজনে জুলাই অভ্যুত্থান দিবস পালন

খুলনা ব্যুরো :

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) যথাযোগ্য মর্যাদা, গভীর শ্রদ্ধা ও দিনব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে জুলাই অভ্যুত্থান দিবস-২০২৬ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে আলোচনা সভা, রচনা, আবৃত্তি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ এবং বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

বুধবার (৫ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের ছাত্র কল্যাণ পরিচালকের কার্যালয়ের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুয়েটের উপাচার্য (ভাইস-চ্যান্সেলর) প্রফেসর ড. মুহাম্মদ মাছুদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ছাত্র কল্যাণ পরিচালক প্রফেসর ড. মো. হাসান আলী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিভিল ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন প্রফেসর ড. খন্দকার মাহবুব হাসান, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন প্রফেসর ড. মুহাম্মদ সুলতান মাহমুদ এবং সায়েন্স অ্যান্ড হিউম্যানিটিজ অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ আবু ইউসুফ।


আলোচনা সভায় উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ মাছুদ বলেন, জুলাই অভ্যুত্থান দেশের ইতিহাসে এক অবিস্মরণীয় অধ্যায়। সত্য, ন্যায়, দেশপ্রেম, সাহস, মানবিকতা ও দায়িত্ববোধের প্রতীক এই অভ্যুত্থানের সঠিক ইতিহাস নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়া সবার নৈতিক দায়িত্ব। তিনি বলেন, বিশ্ববিদ্যালয় শুধু জ্ঞানচর্চার কেন্দ্র নয়, বরং মূল্যবোধ, নেতৃত্ব, দেশপ্রেম ও মানবিক গুণাবলি বিকাশের অন্যতম প্রধান প্রতিষ্ঠান। শিক্ষার্থীদের জুলাই অভ্যুত্থানের চেতনা ধারণ করে দক্ষ, সৎ, দায়িত্বশীল ও মানবিক নাগরিক হিসেবে গড়ে উঠতে হবে।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর ড. মো. ফারুক হোসেন, সাধারণ সম্পাদক প্রফেসর ড. মোহাম্মদ ইলিয়াছ ইনাম, সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রফেসর ড. মুহাম্মদ শাহজাহান আলী, সহকারী অধ্যাপক শেখ মো. কামাল উদ্দিন, শিক্ষার্থী প্রতিনিধি ইউসুফ খান, সাফওয়ান আহমেদ ইফাজ ও সিওফ আহমেদ, অফিসার্স অ্যাসোসিয়েশনের সভাপতি ও ডেপুটি রেজিস্ট্রার মো. মঈনুল হক, কর্মকর্তা সমিতির সভাপতি মো. রবিউল ইসলাম, প্রশাসনিক কর্মকর্তা জালাল মুন্সি ও ইমদাদুল হক এবং কর্মচারী সমিতির সাধারণ সম্পাদক মো. হাফিজুর রহমান।

পরে জুলাই অভ্যুত্থান দিবস উপলক্ষে আয়োজিত রচনা, আবৃত্তি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। কর্মসূচির সমাপনীতে জুলাই অভ্যুত্থানের শহীদদের আত্মার মাগফিরাত এবং দেশের শান্তি, সমৃদ্ধি ও অগ্রগতি কামনায় বাদ আসর বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

Advertisement
Advertisement
Advertisement