সংবাদ শিরোনাম

কুয়েটে শুরু দুই দিনের জাতীয় চাকরি মেলা ‘জবস্পেকস ২০২৬

 প্রকাশ: ০২ অগাস্ট ২০২৬, ০৯:০০ পূর্বাহ্ন   |   খুলনা

কুয়েটে শুরু দুই দিনের জাতীয় চাকরি মেলা ‘জবস্পেকস ২০২৬

খুলনা ব্যুরো :

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) শুরু হয়েছে দুই দিনব্যাপী জাতীয় চাকরি মেলা ‘জবস্পেকস ২০২৬’। শিক্ষার্থী, নবীন স্নাতক ও নিয়োগদাতা প্রতিষ্ঠানের মধ্যে সংযোগ তৈরি করে কর্মসংস্থানের সুযোগ বাড়ানোর লক্ষ্য নিয়ে আয়োজিত এ মেলা ১ জুলাই শনিবার শুরু হয়েছে। মেলার আয়োজন করেছে স্পেকট্রাম-এ (স্কিল ডেভেলপমেন্ট ক্লাব অব কুয়েট)।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুয়েটের উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ মাছুদ। এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ছাত্রকল্যাণ পরিচালক অধ্যাপক ড. মো. হাসান আলী, স্পেকট্রাম-এ–এর মডারেটর ও যন্ত্রকৌশল বিভাগের অধ্যাপক ড. মো. শরিফুল ইসলাম, বিভিন্ন বিভাগের শিক্ষক, অংশগ্রহণকারী প্রতিষ্ঠানের প্রতিনিধিরা এবং দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে আসা শিক্ষার্থী ও চাকরিপ্রত্যাশীরা।

আয়োজকেরা জানান, এবারের মেলায় দেশের ২০টি শীর্ষস্থানীয় জাতীয় ও বহুজাতিক প্রতিষ্ঠান অংশ নিয়েছে। চাকরিপ্রত্যাশীরা এখানে স্থায়ী চাকরি ও শিক্ষানবিশের সুযোগের পাশাপাশি বিভিন্ন প্রতিষ্ঠানের মানবসম্পদ বিভাগের প্রতিনিধিদের সঙ্গে সরাসরি মতবিনিময় এবং পেশাগত যোগাযোগ তৈরির সুযোগ পাচ্ছেন।

ইতিমধ্যে দেশের ৩৪টি বিশ্ববিদ্যালয়ের চাকরিপ্রত্যাশীরা এ মেলায় অংশ নিতে জীবনবৃত্তান্ত জমা দিয়েছেন। পাশাপাশি দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ৩৩টি সহযোগী ক্লাব জাতীয় পর্যায়ে শিক্ষার্থীদের অংশগ্রহণ নিশ্চিত করতে সহযোগিতা করেছে।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, বর্তমান প্রতিযোগিতামূলক চাকরির বাজারে একাডেমিক শিক্ষার পাশাপাশি পেশাগত দক্ষতা, শিল্পপ্রতিষ্ঠানের চাহিদা সম্পর্কে ধারণা এবং বাস্তব কর্মপরিবেশের অভিজ্ঞতা অর্জন সমান গুরুত্বপূর্ণ। এ ধরনের আয়োজন শিক্ষার্থী ও নবীন স্নাতকদের কর্মসংস্থানের সুযোগ বাড়ানোর পাশাপাশি নিয়োগদাতা প্রতিষ্ঠানগুলোর জন্যও দক্ষ জনবল বাছাইয়ের কার্যকর প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে।

আয়োজকদের ভাষ্য, ‘জবস্পেকস ২০২৬’ শুধু চাকরি মেলা নয়, বরং বিশ্ববিদ্যালয়, শিক্ষার্থী ও শিল্পপ্রতিষ্ঠানের মধ্যে দীর্ঘমেয়াদি পেশাগত সম্পর্ক গড়ে তোলার একটি উদ্যোগ। তাঁদের আশা, দুই দিনব্যাপী এই আয়োজন দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও শিল্পপ্রতিষ্ঠানের মধ্যে কার্যকর সংযোগ তৈরির মাধ্যমে দক্ষ মানবসম্পদ উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে।

Advertisement
Advertisement
Advertisement