সংবাদ শিরোনাম

উচ্চ বেতনের চাকরির প্রলোভনে মানব পাচার, দম্পতি গ্রেপ্তার

 প্রকাশ: ০৫ অগাস্ট ২০২৬, ১১:০০ অপরাহ্ন   |   খুলনা

উচ্চ বেতনের চাকরির প্রলোভনে মানব পাচার, দম্পতি গ্রেপ্তার

খুলনা ব্যুরো :

কম্বোডিয়ায় উচ্চ বেতনের চাকরির প্রলোভন দেখিয়ে অর্থ হাতিয়ে নিয়ে মানব পাচারের অভিযোগে এক দম্পতিকে গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। গ্রেপ্তারের পর তারা আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

পিবিআই জানায়, খুলনার দৌলতপুর থানার মহেশ্বরপাশা এলাকার বাসিন্দা মোসতাকীম হাসান কাজী ও শেখ মনিরুল ইসলাম মুকুলকে এক লাখ টাকা মাসিক বেতনের চাকরির আশ্বাস দিয়ে অভিযুক্ত মো. জিহাদ আলী লস্কর ও তার স্ত্রী সুমাইয়া সুমি ওরফে সুমি আক্তার প্রত্যেকের কাছ থেকে ৬ লাখ ২০ হাজার টাকা করে মোট ১২ লাখ ৪০ হাজার টাকা নেন। পরে তাদের কম্বোডিয়ায় নিয়ে প্রতিশ্রুত চাকরি না দিয়ে অনলাইনে প্রতারণামূলক ও অবৈধ কর্মকাণ্ডে বাধ্য করার অভিযোগ ওঠে। একপর্যায়ে ভুক্তভোগীরা কৌশলে পালিয়ে পরিবারের সহায়তায় দেশে ফিরে আসেন।

এ ঘটনায় গত ২৩ জুলাই দৌলতপুর থানায় মানব পাচার ও অভিবাসী চোরাচালান প্রতিরোধ ও দমন আইন, ২০২৬-এর ৭/২২ ধারায় দুটি মামলা দায়ের হয়। পরে পিবিআই খুলনা মামলাগুলোর তদন্তভার গ্রহণ করে।

তদন্তের একপর্যায়ে তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গত ৩ আগস্ট ভোরে ঢাকার সাভারের হেমায়েতপুর এলাকা থেকে জিহাদ আলী লস্কর ও সুমাইয়া সুমিকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা ঘটনার সঙ্গে সম্পৃক্ততার কথা স্বীকার করেন। পরে আদালতে তারা স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।

পিবিআইর তদন্তে আরও জানা যায়, একই কৌশলে ওই এলাকার আরও কয়েকজনকে কম্বোডিয়ায় পাঠিয়ে প্রতারণার অভিযোগ রয়েছে। এ ঘটনায় আরও দুটি মামলা হয়েছে। পিবিআই জানিয়েছে, চক্রের অন্য সদস্যদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে এবং মামলার তদন্ত অব্যাহত রয়েছে।

Advertisement
Advertisement
Advertisement