সংবাদ শিরোনাম

দিঘলিয়ায় ট্রাকচাপায় তিনজন নিহত: ২৪ ঘণ্টার মধ্যেই ঘাতক ট্রাকচালক গ্রেফতার

 প্রকাশ: ০৫ অগাস্ট ২০২৬, ১০:৫৫ অপরাহ্ন   |   খুলনা

দিঘলিয়ায় ট্রাকচাপায় তিনজন নিহত: ২৪ ঘণ্টার মধ্যেই ঘাতক ট্রাকচালক গ্রেফতার

খুলনা ব্যুরো :

খলনার দিঘলিয়ায় ট্রাকের চাপায় মোটরসাইকেলের তিন আরোহী নিহতের ঘটনায় মামলা হওয়ার ২৪ ঘণ্টার মধ্যেই অভিযুক্ত ট্রাকচালক তরিকুল ইসলামকে (৪৬) গ্রেফতার করেছে র‍্যাব-৬।

র‍্যাব জানায়, নিয়মিত অভিযান ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বুধবার রাতে র‍্যাব-৬-এর সিপিসি ও ঝিনাইদহ ক্যাম্পের যৌথ আভিযানিক দল ঝিনাইদহ জেলার কালীগঞ্জ থানার নলডাঙা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করে। গ্রেফতার তরিকুল ইসলামের বাড়ি ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলায়।

ঘটনাটি ঘটে গত ৩১ জুলাই রাত আনুমানিক ৯টা ৪৫ মিনিটে। দিঘলিয়া উপজেলার গাজিরহাট ইউনিয়নের ডোমরা দক্ষিণ গ্রামের পাকা সড়কে একটি মোটরসাইকেলের সঙ্গে ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল চালক সিহাব শেখ (২৪) গুরুতর আহত হন। ঘটনাস্থলেই নিহত হন সিহাবের স্ত্রী ফারজানা খাতুন (২২), শ্যালিকা রুবিয়া খাতুন (১৬) এবং দুই বছরের শিশু কন্যা মায়মুনা।

দুর্ঘটনার পর ট্রাকের চালক ও হেলপার ট্রাকটি ফেলে পালিয়ে গেলে ক্ষুব্ধ জনতা ট্রাকটিতে অগ্নিসংযোগ করে। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। বর্তমানে ট্রাক ও মোটরসাইকেল পুলিশ হেফাজতে রয়েছে।

র‍্যাব জানায়, গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ঝিনাইদহের কালীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

Advertisement
Advertisement
Advertisement