সংবাদ শিরোনাম

খুকৃবি-যবিপ্রবির মধ্যে এমওইউর উদ্যোগ, শিক্ষা ও গবেষণায় সহযোগিতা জোরদারের আলোচনা

 প্রকাশ: ০৫ অগাস্ট ২০২৬, ১১:০৯ অপরাহ্ন   |   খুলনা

খুকৃবি-যবিপ্রবির মধ্যে এমওইউর উদ্যোগ, শিক্ষা ও গবেষণায় সহযোগিতা জোরদারের আলোচনা

খুলনা ব্যুরো :

শিক্ষা, গবেষণা ও উদ্ভাবনে পারস্পরিক সহযোগিতা সম্প্রসারণের লক্ষ্যে খুলনা কৃষি বিশ্ববিদ্যালয় (খুকৃবি) এবং যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি) সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরের উদ্যোগ নিয়েছে। এ লক্ষ্যে দুই বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের মধ্যে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার ৪ আগষ্ট যবিপ্রবি উপাচার্যের কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে খুকৃবির উপাচার্য অধ্যাপক ড. মো. আসাদুজ্জামান সরকার এবং যবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. ইয়ারুল কবীর শিক্ষা ও গবেষণার মানোন্নয়ন, যৌথ একাডেমিক কার্যক্রম সম্প্রসারণ এবং আন্তঃবিশ্ববিদ্যালয় সহযোগিতা বৃদ্ধির বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন।

বৈঠকে দুই বিশ্ববিদ্যালয়ের মধ্যে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরের প্রস্তাব গুরুত্ব পায়। প্রস্তাবিত এমওইউর আওতায় শিক্ষক ও শিক্ষার্থী বিনিময়, যৌথ গবেষণা পরিচালনা, গবেষণাগার ও ল্যাবরেটরি সুবিধা বিনিময়, সেমিনার, কর্মশালা এবং প্রশিক্ষণ কার্যক্রম বাস্তবায়নের বিষয়ে উভয় পক্ষ ইতিবাচক মতামত ব্যক্ত করেন।

খুকৃবির উপাচার্য অধ্যাপক ড. মো. আসাদুজ্জামান সরকার বলেন, উচ্চশিক্ষার গুণগত মানোন্নয়ন এবং গবেষণার পরিধি সম্প্রসারণে আন্তঃবিশ্ববিদ্যালয় সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সমঝোতা স্মারক বাস্তবায়িত হলে দুই বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, গবেষক ও শিক্ষার্থীরা পারস্পরিক অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ পাবেন, যা শিক্ষা ও গবেষণায় নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে।

সাক্ষাৎ শেষে দুই উপাচার্য শিক্ষা, গবেষণা ও উদ্ভাবনের ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা আরও জোরদার করার প্রত্যয় ব্যক্ত করেন। পাশাপাশি দ্রুত এমওইউ স্বাক্ষরের মাধ্যমে এ সহযোগিতাকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার আশাবাদও ব্যক্ত করেন।

Advertisement
Advertisement
Advertisement