খুলনায় র্যাবের অভিযানে দুটি বিদেশি পিস্তল উদ্ধার, ‘বি কোম্পানির’ তিন সদস্য গ্রেপ্তার
খুলনা ব্যুরো :
খুলনা মহানগরীতে অস্ত্রধারী সন্ত্রাসীদের বিরুদ্ধে চলমান অভিযানে দুইটি বিদেশি পিস্তল, সাত রাউন্ড তাজা গুলি, একটি ম্যাগাজিন এবং নগদ এক লাখ ৫৩ হাজার ৩০০ টাকাসহ ‘বি কোম্পানি’ নামে পরিচিত একটি শীর্ষ সন্ত্রাসী গ্রুপের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে র্যাব-৬।
রোববার (২ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে লবণচরা থানার রায়পাড়া এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৬-এর সিপিসি স্পেশাল কোম্পানির একটি আভিযানিক দল অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—পিরোজপুরের ইন্দুরকানী উপজেলার বালিয়াপাড়া এলাকার মো. ইলিয়াস সরদার (৪২), গোপালগঞ্জ সদর উপজেলার বকুলতলা এলাকার মো. সুজন (৩৮) এবং বরগুনার বেতাগী উপজেলার আমুয়া বেপারি পাড়া এলাকার মো. নান্না বেপারি (৫৭)।
র্যাব জানায়, অভিযানের সময় নান্না বেপারির বসতঘরে তল্লাশি চালিয়ে ইলিয়াস সরদার ও সুজনের হেফাজত থেকে দুইটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, সাত রাউন্ড তাজা গুলি এবং নগদ এক লাখ ৫৩ হাজার ৩০০ টাকা উদ্ধার করা হয়। পরে উপস্থিত সাক্ষীদের সামনে আইনানুগ প্রক্রিয়ায় এসব আলামত জব্দ করা হয়।
র্যাবের দাবি, গ্রেপ্তার ব্যক্তিরা খুলনার শীর্ষ সন্ত্রাসী গ্রুপ ‘বি কোম্পানি’র সক্রিয় সদস্য। তারা দীর্ঘদিন ধরে অস্ত্রের ভয় দেখিয়ে চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকাণ্ডসহ বিভিন্ন অপরাধে জড়িত ছিলেন। গোপন তথ্যের ভিত্তিতে তাদের অবস্থান নিশ্চিত হওয়ার পর অভিযান পরিচালনা করা হয়।
র্যাব আরও জানায়, গ্রেপ্তার ব্যক্তিদের অপরাধসংক্রান্ত রেকর্ড পর্যালোচনায় খুলনা, পিরোজপুর ও বরগুনার বিভিন্ন থানায় তাদের বিরুদ্ধে হত্যাচেষ্টা, মাদক ও চুরিসহ একাধিক মামলা রয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। মামলা শেষে উদ্ধার হওয়া অস্ত্র, গুলি ও অন্যান্য আলামতসহ তাদের খুলনা মহানগর পুলিশের লবণচরা থানায় হস্তান্তর করা হবে বলে জানিয়েছে র্যাব-৬।