খুলনায় অস্ত্রসহ কথিত সন্ত্রাসী গ্রেপ্তার, গুলিবর্ষণের ঘটনায় অগ্রগতি দাবি ডিবির
খুলনা ব্যুরো :
খুলনা মহানগরীতে সাম্প্রতিক গুলিবর্ষণের ঘটনায় এক কথিত সন্ত্রাসীকে আগ্নেয়াস্ত্র ও গুলিসহ গ্রেপ্তারের দাবি করেছে খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি)। একই সঙ্গে নগরীতে সন্ত্রাস, চাঁদাবাজি ও সংঘবদ্ধ অপরাধ দমনে বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে পুলিশ।
বৃহস্পতিবার (৬ আগস্ট) দুপুর ১ টায় ডিবি কার্যালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান কেএমপির উপপুলিশ কমিশনার (ডিবি) আহাদুজ্জামান মিয়া।
তিনি জানান, গত ৪ আগস্ট ভোর আনুমানিক ৩টা ৪৫ মিনিটে খুলনা থানার মোতলেবের মোড় এলাকায় দুর্বৃত্তদের গুলিতে আব্দুল হক হাওলাদার আহত হন। পরে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হয়, যেখানে তিনি বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন।
উপপুলিশ কমিশনার বলেন, ঘটনার পর গোয়েন্দা তথ্য সংগ্রহ, সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ এবং তথ্যপ্রযুক্তির সহায়তায় ডিবি ও খুলনা থানা পুলিশের যৌথ দল অভিযান চালায়। অভিযানে নিরালা আবাসিক এলাকার একটি বাসা থেকে শিবলী হোসেন রুবেল (৪৬) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। তার শয়নকক্ষে থাকা একটি শপিং ব্যাগ থেকে একটি পিস্তল, একটি ম্যাগাজিন ও এক রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।
আহাদুজ্জামান মিয়া বলেন, প্রাথমিক তদন্তে গ্রেপ্তার ব্যক্তি কথিত ‘পলাশ’ ও ‘আশিক’ গ্রুপের সক্রিয় সদস্য বলে তথ্য পাওয়া গেছে। তিনি দীর্ঘদিন ধরে বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত বলে পুলিশের কাছে তথ্য রয়েছে। এছাড়া তার বিরুদ্ধে চুরি, ডাকাতিসহ একাধিক অপরাধমূলক মামলার তথ্যও পাওয়া গেছে।
তিনি আরও বলেন, গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। পাশাপাশি গুলিবর্ষণের ঘটনায় জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে।
প্রেস ব্রিফিংয়ে উপপুলিশ কমিশনার (ডিবি) আহাদুজ্জামান মিয়া বলেন, জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা এবং খুলনা মহানগরীতে শান্তিশৃঙ্খলা বজায় রাখতে কেএমপির গোয়েন্দা বিভাগ নিরলসভাবে কাজ করছে। সন্ত্রাসী, চাঁদাবাজ, অবৈধ অস্ত্রধারী ও সংঘবদ্ধ অপরাধীদের বিরুদ্ধে আমাদের বিশেষ অভিযান ভবিষ্যতেও আরও জোরদারভাবে অব্যাহত থাকবে।