কুষ্টিয়ায় বিএনপি নেতার বাড়ির সামনে হামলা, গুলি ও ককটেল বিস্ফোরণ
খুলনা ব্যুরো :
কুষ্টিয়ার খোকসায় বিএনপির এক নেতার ওপর দুর্বৃত্তদের হামলার ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে। হামলার সময় গুলিবর্ষণ ও ককটেল বিস্ফোরণের ঘটনাও ঘটে। গুরুতর আহত ওই নেতাকে প্রথমে স্থানীয় হাসপাতালে এবং পরে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বুধবার রাত সাড়ে ১০টার দিকে খোকসা থানাপাড়া এলাকায় নিজ বাড়ির গেটের সামনে এ ঘটনা ঘটে। আহত নাফিজ আহমেদ খান রাজু (৪৫) খোকসা উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক এবং আসন্ন খোকসা পৌরসভা নির্বাচনে মেয়র পদপ্রত্যাশী।
স্থানীয় ও পারিবারিক সূত্র জানায়, দলীয় কার্যালয় থেকে বাড়ি ফেরার সময় গেটের সামনে কয়েকজন অজ্ঞাতপরিচয় ব্যক্তি তার পথরোধ করে। পরিচয় নিশ্চিত হওয়ার পর তারা ধারালো অস্ত্র ও লোহার হাতুড়ি দিয়ে রাজুর ওপর হামলা চালায়। তার চিৎকার শুনে পরিবারের সদস্য ও প্রতিবেশীরা এগিয়ে এলে হামলাকারীরা আতঙ্ক সৃষ্টি করতে গুলিবর্ষণ এবং ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে দুটি মোটরসাইকেলে করে পালিয়ে যায়।
প্রত্যক্ষদর্শীদের দাবি, হামলাকারীরা বাড়ির গেট লক্ষ্য করে অন্তত ১৬ রাউন্ড গুলি ছোড়ে এবং কয়েকটি ককটেলের বিস্ফোরণ ঘটায়।
রক্তাক্ত অবস্থায় স্থানীয়রা রাজুকে উদ্ধার করে খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হলে তাকে কুষ্টিয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়।
আহত নাফিজ আহমেদ দাবি করেন, আসন্ন পৌরসভা নির্বাচনে তার প্রার্থিতা ঠেকাতেই পরিকল্পিতভাবে হত্যার উদ্দেশ্যে এ হামলা চালানো হয়েছে। তিনি অভিযোগ করেন, সম্ভাব্য হামলার বিষয়ে প্রশাসনকে আগেই অবহিত করা হলেও প্রয়োজনীয় নিরাপত্তা পাননি।
ঘটনার প্রত্যক্ষদর্শী ও খোকসা উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান ইসরাত জাহান পুরম বলেন, রাজুর চিৎকার শুনে বাইরে এসে তিনি গুলির শব্দ ও ককটেল বিস্ফোরণ দেখতে পান। হামলাকারীরা বাড়ির গেট লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি চালিয়ে দ্রুত পালিয়ে যায়। তার অভিযোগ, ঘটনার কিছু সময় পর পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়।
খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা জাকির হোসেন বলেন, অজ্ঞাত দুর্বৃত্তরা হামলা চালিয়ে পালিয়ে গেছে। জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে।