দেশে ২৪ ঘণ্টায় ৮৫ জনের হাম শনাক্ত, সন্দেহজনক রোগী ভর্তি ৭৩৩
ঢাকা, ২২ শ্রাবণ (৬ আগস্ট):
দেশে গত ২৪ ঘণ্টায় ৮৫ জনের হাম (Measles) রোগ নিশ্চিত হয়েছে। একই সময়ে সন্দেহজনক হাম রোগের উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৭৩৩ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ তথ্য অনুযায়ী, গতকাল বুধবার সকাল ৮টা থেকে আজ বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত এ পরিসংখ্যান পাওয়া গেছে।
অধিদপ্তর জানায়, চলতি বছরের ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশে মোট ১ লাখ ১৫ হাজার ৮৭৯ জন সন্দেহজনক হাম রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ১ লাখ ১১ হাজার ৫৮৭ জন চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল ত্যাগ করেছেন।
গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হাম রোগে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি। তবে একই সময়ে সন্দেহজনক হাম রোগে ৬ জনের মৃত্যু হয়েছে।
এদিকে, ১৫ মার্চ থেকে আজ পর্যন্ত দেশে সন্দেহজনক হাম রোগে মোট ৭৬৪ জন এবং পরীক্ষায় নিশ্চিত হাম রোগে ৯৬ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।