নারায়ণগঞ্জে নদীদূষণকারী শিল্পপ্রতিষ্ঠানে পরিবেশ অধিদপ্তরের অভিযান, বুড়িগঙ্গায় তরল বর্জ্যের নমুনা সংগ্রহ

অনলাইন ডেস্ক
০৬ অগাস্ট ২০২৬, ১১:১৬ পূর্বাহ্ন

জাতীয়

নারায়ণগঞ্জে নদীদূষণকারী শিল্পপ্রতিষ্ঠানে পরিবেশ অধিদপ্তরের অভিযান, বুড়িগঙ্গায় তরল বর্জ্যের নমুনা সংগ্রহ

নারায়ণগঞ্জ, ২২ শ্রাবণ (৬ আগস্ট):  

নদীদূষণ রোধে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ ও ফতুল্লায় শিল্পপ্রতিষ্ঠানে অভিযান চালিয়েছে পরিবেশ অধিদপ্তর। বুড়িগঙ্গায় তরল বর্জ্যের নমুনা সংগ্রহ করা হয়েছে। পরিবেশ আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে কর্তৃপক্ষ।

নদীদূষণ প্রতিরোধে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ ও ফতুল্লা এলাকায় টানা দ্বিতীয় দিনের মতো অভিযান চালিয়েছে পরিবেশ অধিদপ্তর। অভিযানে কয়েকটি শিল্পপ্রতিষ্ঠান পরিদর্শন এবং উৎপাদন কার্যক্রমে সৃষ্ট তরল বর্জ্যের নমুনা সংগ্রহ করা হয়েছে।

পরিবেশ অধিদপ্তর জানায়, ফতুল্লার ওয়াপদারপুল এলাকার একটি ডাইং কারখানায় প্রাথমিক পরিদর্শনে পরিবেশগত ছাড়পত্র ও ইটিপি (Effluent Treatment Plant) ছাড়া উৎপাদন কার্যক্রম পরিচালনার তথ্য পাওয়া গেছে। সংগৃহীত নমুনা পরীক্ষার জন্য গবেষণাগারে পাঠানো হয়েছে। পরীক্ষায় দূষণের প্রমাণ মিললে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বিরুদ্ধে পরিবেশ আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

একই দিনে ঢাকার বুড়িগঙ্গা নদীর বিভিন্ন তরল বর্জ্য নির্গমনস্থল থেকেও নমুনা সংগ্রহ করা হয়েছে। পরিবেশ অধিদপ্তরের তথ্য অনুযায়ী, জানুয়ারি ২০২৫ থেকে জুলাই ২০২৬ পর্যন্ত বুড়িগঙ্গা ও সংযোগ খালসংলগ্ন ১০৩টি শিল্পপ্রতিষ্ঠান ও প্রকল্পের বিরুদ্ধে মোট ২ কোটি ৯২ লাখ টাকা ক্ষতিপূরণ ধার্য করা হয়েছে এবং আদায় করা হয়েছে ৯৬ লাখ ৬০ হাজার টাকা। এছাড়া ইটিপিবিহীন ৯টি প্রতিষ্ঠানের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।

পরিবেশ অধিদপ্তর জানিয়েছে, নদী ও জলাশয় দূষণ রোধ, পরিবেশ সংরক্ষণ এবং জনস্বাস্থ্য সুরক্ষায় এ ধরনের অভিযান, নজরদারি ও আইনগত ব্যবস্থা নিয়মিতভাবে অব্যাহত থাকবে।