সংবাদ শিরোনাম

৫ আগস্টের বিজয়েও পূর্ণ হয়নি শহীদদের স্বপ্ন, সংস্কার নিয়ে নাহিদের উদ্বেগ

 প্রকাশ: ০৫ অগাস্ট ২০২৬, ১১:৪০ পূর্বাহ্ন   |   জাতীয়

৫ আগস্টের বিজয়েও পূর্ণ হয়নি শহীদদের স্বপ্ন, সংস্কার নিয়ে নাহিদের উদ্বেগ

অনলাইন ডেস্ক:

জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি ও ৫ আগস্টের ঐতিহাসিক বিজয় দিবস উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম নেতা ও সরকারের উপদেষ্টা নাহিদ ইসলাম। একই সঙ্গে অভ্যুত্থানের দুই বছর পেরিয়ে গেলেও শহীদদের আকাঙ্ক্ষিত পরিবর্তন দৃশ্যমান না হওয়া, সংস্কারের ধীরগতি এবং রাষ্ট্রের বিভিন্ন স্তরে পুরোনো রাজনৈতিক সংস্কৃতির প্রভাব নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন তিনি।

মঙ্গলবার (৪ আগস্ট) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক দীর্ঘ পোস্টে এসব কথা বলেন নাহিদ ইসলাম।

পোস্টে ৫ আগস্টকে বাংলাদেশের ইতিহাসের একটি স্মরণীয় অধ্যায় হিসেবে উল্লেখ করে তিনি বলেন, এ দিনটি দীর্ঘ সংগ্রাম, আত্মত্যাগ ও বিজয়ের ধারাবাহিকতার প্রতীক। দেশের রাজনৈতিক ইতিহাসের বিভিন্ন পর্যায়ের প্রতিরোধের প্রসঙ্গ টেনে তিনি পলাশীর প্রান্তর থেকে তিতুমীর, হাজি শরীয়তুল্লাহ এবং একাত্তরের মুক্তিযুদ্ধ হয়ে ২০২৪ সালের গণ-অভ্যুত্থানকে একই ধারার সংগ্রামের অংশ হিসেবে তুলে ধরেন।

নাহিদ ইসলামের ভাষ্য, ৫ আগস্টের বিজয়ের পর থেকেই রাজনৈতিক নেতৃত্বের অসহযোগিতার কারণে অভ্যুত্থানে শহীদদের প্রত্যাশিত পরিবর্তন বাস্তবায়নের পথ বাধাগ্রস্ত হয়েছে। তার অভিযোগ, ক্ষমতাকেন্দ্রিক রাজনীতির কারণে ফ্যাসিবাদী কাঠামো বিলোপের যে গণআকাঙ্ক্ষা তৈরি হয়েছিল, তা কাঙ্ক্ষিত গতিতে এগোয়নি।

তিনি আরও বলেন, গণ-অভ্যুত্থানের দুই বছর পার হলেও সাধারণ মানুষের জীবনে প্রত্যাশিত স্বস্তি ফিরে আসেনি। দলীয়করণ, সংস্কারের বিরোধিতা এবং প্রশাসনিক দুর্বলতাকে তিনি নতুন করে সংকট তৈরির কারণ হিসেবে উল্লেখ করেন।

এ পরিস্থিতিতে সরকারের প্রতি তিনটি বিষয়ে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি। এগুলো হলোগণভোটে প্রকাশিত জনমতের প্রতি শ্রদ্ধা রেখে দ্রুত সংস্কার কার্যকর করা, ক্যাম্পাসসহ রাষ্ট্রের সর্বস্তরে সন্ত্রাস ও দখলদারিত্বের রাজনীতির অবসান ঘটিয়ে গণতান্ত্রিক সহাবস্থান নিশ্চিত করা এবং ২০২৪ সালের গণহত্যাসহ সব ধরনের অন্যায়ের দ্রুত বিচার সম্পন্ন করা।

পোস্টে জুলাই গণ-অভ্যুত্থানে নিহত আবু সাঈদ, মুগ্ধ, রিয়া গোপসহ সব শহীদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানান নাহিদ ইসলাম। তিনি বলেন, শহীদদের আত্মত্যাগে অর্জিত বাংলাদেশ একটি আমানত; সেই আমানতের মর্যাদা রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।

ন্যায়, ইনসাফ ও গণতান্ত্রিক মূল্যবোধের ভিত্তিতে রাষ্ট্র পুনর্গঠনের প্রত্যয় ব্যক্ত করে দেশবাসীকে এ সংগ্রামে যুক্ত হওয়ার আহ্বান জানান তিনি। শেষদিকে ‘ইনকিলাব জিন্দাবাদ’ স্লোগানের মধ্য দিয়ে পোস্টটি শেষ করেন নাহিদ ইসলাম।

Advertisement
Advertisement
Advertisement